আর মাত্র তিন সপ্তাহ বাকি। এ বছর বলিউডের রোম্যান্টিক ঘরানায় দ্বিতীয় সর্বোচ্চ আয় দিচ্ছে ধনুষের এই ছবি। কৃতি শ্যাননের (Kriti Sanon) কেরিয়ারেও এই ছবি উজ্জ্বল হয়ে রইল।

ধনুষ
শেষ আপডেট: 8 December 2025 15:08
দ্য ওয়াল ব্যুরো: আনন্দ এল রাই পরিচালিত রোম্যান্টিক ড্রামা ‘তেরে ইশ্ক মেঁ’ (Tere Ishk Mein) ক্রিজে পা জমিয়ে ফেলল। মুক্তির মাত্র ১০ দিনের মাথায় বক্স অফিসে ১০২.৫১ কোটি টাকা নেট সংগ্রহ করে এই ছবি প্রবেশ করেছে ‘১০০ কোটির ক্লাবে’। এটাই ধনুষের (Dhanush) অভিনয় জীবনের প্রথম শতরান তথা সেঞ্চুরি। ২০২৫ সাল শেষ হতে চলল। আর মাত্র তিন সপ্তাহ বাকি। এ বছর বলিউডের রোম্যান্টিক ঘরানায় দ্বিতীয় সর্বোচ্চ আয় দিচ্ছে ধনুষের এই ছবি। কৃতি শ্যাননের (Kriti Sanon) কেরিয়ারেও এই ছবি উজ্জ্বল হয়ে রইল।
দশম দিনের সংগ্রহ
অফিসিয়াল হিসেব অনুযায়ী, দশম দিনে ‘তেরে ইশ্ক মেঁ’ সব ভাষা মিলিয়ে আয় করেছে ৭.০২ কোটি টাকা। তবে মজার ব্যাপার হল, তামিল ভার্সনের তুলনায় বেশি চলেছে হিন্দি ছবি। কারণ হিন্দি ছবি স্বাভাবিক কারণেই বেশি সংখ্যক হল পেয়েছে। হিন্দি ভার্সন সংগ্রহ করেছে ৬.৪৫ কোটি টাকা।
তামিল ভার্সনের আয় হয়েছে ৫৭ লক্ষ টাকা।
রনবীর সিংয়ে ‘ধুরন্ধরের’ মতো বড় প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও ‘তেরে ইশক মে’ ছবিটি দেখতে দ্বিতীয় রবিবারে টিকিটের বিক্রি ১৮% বেড়েছে। যা সত্যিই নজরকাড়া।
মোট আয় ও লাভের হিসেব
ছবিটির বাজেট ছিল ৮৫ কোটি টাকা। ১০ দিনে নেট আয় হয়েছে ১০২.৫১ কোটি টাকা। আর গ্রস আয় দাঁড়িয়েছে ১২০.৯৬ কোটি টাকা। ফলে ছবিটি ইতিমধ্যেই ২০.৬% মুনাফা তুলে ফেলেছে। হালফিলে বলিউডে রোম্যান্টিক ছবি বিশেষ হালে পানি পায়নি। সেদিক থেকে বলিউডের রোম্যান্টিক ঘরানার জন্য এটা ভাল বার্তা।
ধনুষের কেরিয়ারে নতুন অধ্যায়
‘তেরে ইশ্ক মেঁ’ ধনুষের কেরিয়ারে যেন নতুন অধ্যায় জুড়েছে। এর আগের তাঁর অভিনয় করা ছবি ‘রায়ান’-এর সর্বোচ্চ আয় ছিল ৯৪.৭৯ কোটি টাকা। সেঞ্চুরির মুখে পৌঁছে থেমে গেছিল বক্স অফিসে দৌড়। সেই রেকর্ডও ভেঙে গেল। দীর্ঘদিন পর কোনও হিন্দি রোম্যান্সে দক্ষিণী তারকার এমন রাজত্ব বিরল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। হিন্দি রোম্যান্টিক ছবিতে তেলগু নায়ক ভেঙ্কটেশ থেকে শুরু করে অনেকেই এসেছেন। তবে ধনুষ অভিনয় গুণে অনেক এগিয়ে। সেদিক থেকে তেরে ইশক মে অনেককেই মনে করাচ্ছে ১৯৮১ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘এক দুজে কে লিয়ে’-র কথা। একে তো ছবির সবকটি গান ছিল অনবদ্য। সেই সঙ্গে কমল হাসানের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছিল।
ক্রিসমাসে মুক্তি পাচ্ছে ‘তু মেরি মেঁ তেরা মেঁ তেরি তু মেরি’ (Tu Meri Main Tera Main Tera Tu Meri)। তার আগে পর্যন্ত ধনুষ–কৃতি জুটির এই ছবি আরও ভাল ব্যবসা করবে বলেই মনে করা হচ্ছে।
২০২৫ সালের বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ রোম্যান্টিক ব্লকবাস্টার
বলিউডে ২০২৫ সালের রোম্যান্টিক ছবির বক্স অফিস তালিকায় ‘তেরে ইশ্ক মেঁ’ এখন দ্বিতীয় স্থানে। এর উপরে রয়েছে শুধু ‘সাইয়ারা’। সেই ছবির আয় ছিল ৩৩৭.৬৯ কোটি টাকা।
২০২৫ সালে বলিউডের টপ ১০ রোম্যান্টিক ছবি (2025 Top 10 Bollywood Romantic movie)
১) সাইয়ারা – ৩৩৭.৬৯ কোটি
২) তেরে ইশ্ক মেঁ – ১০২.৫১ কোটি
৩) দে দে পেয়ার দে ২ – ৮৮.৯৬ কোটি
৪) এক দেওয়ানে কি দেওয়ানিয়ত – ৮৫.৮০ কোটি
৫) ভুল চুক মাফ – ৭৪.৮১ কোটি
৬) সানি সংস্কারি কি তুলসি কুমারি – ৫৭.৪৮ কোটি
৭. মেট্রো ইন দিনো – ৫৬.৩ কোটি
৮.পরম সুন্দরী – ৫৪.৮৫ কোটি
৯. ধড়ক ২ – ২৪.২৪ কোটি
১০. মেরে হাজব্যান্ড কি বিবি – ১২.২৫ কোটি
আরও বক্স অফিস আপডেটের জন্য নজর রাখুন দ্য ওয়ালে।