
ফাইল চিত্র
শেষ আপডেট: 21 March 2025 20:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার দাম্পত্য জীবনের অবসান ঘটল। বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে। দীর্ঘদিন ধরেই তাঁরা আলাদা থাকছিলেন, এবার পুরোপুরিভাবে আলাদা হলেন।
বিচ্ছেদের পরপরই ধনশ্রী ইনস্টাগ্রামে একটি মিউজিক ভিডিও শেয়ার করেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা। গানের লিরিক্স ও দৃশ্যে স্পষ্টভাবে উঠে এসেছে টক্সিক সম্পর্ক, প্রতারণা ও মানসিক কষ্টের ইঙ্গিত। গানে বলা হয়েছে— "'দেখা জি দেখা ম্যায়নে দিল কা রোনা দেখা, জখমো কো জেহের কে পানি সে ধোনা দেখা, অর কেয়া দেখু ম্যায় কুছ তো বাকি নেহি, গ্যায়রো কে বিস্তর পে আপনো কা সোনা দেখা। যার মানে প্রিয়জনকে অন্য কারও বিছানায় দেখে ফেলেছি, শরীর-মন জুড়ে ক্ষত দেখেছি।" স্বাভাবিকভাবেই অনেকে মনে করছেন, এটি ধনশ্রীর পক্ষ থেকে চাহালকে উদ্দেশ্য করেই একটি বার্তা।
অন্যদিকে, বিচ্ছেদের দিন চাহালকে দেখা যায় একটি ইঙ্গিতপূর্ণ টি-শার্ট পরে কোর্টে আসতে। তাঁর জামায় লেখা ছিল— "Be your own sugar daddy", অর্থাৎ নিজেই নিজের সুগার ড্যাডি হও! সেই ছবিও এখন ভাইরাল। এই ডিভোর্স ঘিরে কিছুদিন আগে শোনা গিয়েছিল, খোরপোষ হিসেবে ধনশ্রী নাকি ৬০ কোটি টাকা দাবি করেছেন! যদিও পরে জানা যায়, চাহাল তাঁর প্রাক্তন স্ত্রীকে ৪ কোটি ৭৫ লাখ টাকা অ্যালিমনি দেবেন।
এই বিচ্ছেদের মধ্যেই চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে আরও গুঞ্জন শুরু হয়েছে। আরজে মহবীশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কখনও তাঁদের একসঙ্গে পার্কে, কখনও বা খেলার মাঠে দেখা গিয়েছে। যদিও এই সম্পর্ক নিয়ে তাঁরা কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
ধনশ্রীর নতুন মিউজিক ভিডিও, চাহালের টি-শার্ট বার্তা, মহবীশের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন— সব মিলিয়ে এই সম্পর্কের সমীকরণ যেন আরও রহস্যময় হয়ে উঠছে!