কথা হচ্ছে দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। আজ অর্থাৎ ৯ ডিসেম্বর তাঁদের বিয়ের জন্মদিন। পাঁচ বছর পূর্ণ করলেন তাঁরা, একে অপরের পাশে থেকে, ভাল-মন্দে।

শেষ আপডেট: 9 December 2025 17:09
দ্য ওয়াল ব্যুরো: আকাশের আজ মন ভাল নেই। সকাল থেকেই মেঘলা। তবে এমনই এক অগ্রহায়ণের হলুদ-তেল মাখা সকালে কুমার-চট্টোপাধ্যায়ের পরিবারে সকাল থেকেই ছিল হইহই। বাড়ি জুড়ে কাঁচা হলুদ রোদ ধুইয়ে দিচ্ছিল নববধূর গা।
কথা হচ্ছে দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের। আজ অর্থাৎ ৯ ডিসেম্বর তাঁদের বিয়ের জন্মদিন। পাঁচ বছর পূর্ণ করলেন তাঁরা, একে অপরের পাশে থেকে, ভাল-মন্দে।
তবে এ বছর বাড়িতে বিশেষ কোনও সেলিব্রেশন নয়। মন ভাল নেই দুই পরিবারেরই। কিছু দিন আগে নিজের কাকুকে হারিয়েছেন দেবলীনা। এই পরিস্থিতে সেলিব্রেশনের ইচ্ছে নেই তাঁর। দ্য ওয়ালকে বললেন, "হয়তো ডিনারে যাব, ব্যস ওইটুকুই"। এর আগে বহুবার দেবলীনা-গৌরবের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। পরকীয়া তত্ত্ব হাজির করে রটেছে কুৎসা। তাও দেখতে দেখতে পাঁচ!

দেবলীনার কথায়, "আমার বাবা-মায়ের বিয়ের সাল দেখলে এ তো কিছুই নয়। এখনও অনেকটা পথচলা বাকি দু'জনেরই। আর বাকি রইল গসিপের কথা! গৌরব এমন একটা মানুষ যে হিসেবে বিন্দুমাত্র পাত্তা দেয় না। একটা সময় আমি নেগেটিভ কমেন্টের উত্তর দিতাম। পরে গৌরবই বুঝিয়েছে যা করছি তা বোকামো। ওই সব ফুটেজ দিয়ে সময় নষ্টের দরকার নেই। আর তা ছাড়া তা নিয়ে আবার মুখরোচক সব শিরোনাম! লাভ কী? আর এখন এই সব করি না। বন্ধ করে দিয়েছি। নিজেদের কাজ নিয়েই ব্যস্ত আছি। আর আগামী দিনে সেটাই থাকতে চাই।"
গৌরব ফিল্মি পরিবারের সন্তান। রয়েছে উত্তম কুমার লিনিয়েজ। অন্যদিকে দেবলীনার আগমন রাজনৈতিক পরিবার থেকে। বাবা দেবাশিস কুমার, রাজনীতির ময়দানের পরিচিত মুখ। যদিও মিশেলে অসুবিধা হয়নি দু'জনের। উত্তম কুমার পরিবারের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজোর দায়িত্ব নেওয়া থেকে শুরু করে বাদবাকি সব দায়িত্বই ভাগ করে নিয়েছেন দু'জনে। গসিপ রটে, গুঞ্জন ছড়ায়, শোনা যায়, পরকীয়ার ফিসফাসও। তবু ভাল আছেন দু'জনে। আছেন ভালবাসায়।