
'দেবারা' ছবিতে এনটিআর এবং জাহ্নবী কাপুর
শেষ আপডেট: 30 September 2024 00:01
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার মুক্তি পেয়েছে এনটিআর, সইফ আলি খান এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘দেবারা’। বছরের শুরু দিকেই পোস্টার এসেছিল এই দক্ষিণী ছবির।
এরপর একে একে টিজার, ট্রেলার প্রকাশ করা হলেও খুব একটা সাড়া ফেলতে পারেনি। কিন্তু ব্যাপারটা একেবারে অন্যরকম হয়ে গেল সিনেমা মুক্তির পর। বক্স অফিসে ইতিমধ্যেই ঝড় তুলেছে ‘দেবারা: পার্ট ওয়ান’।
প্রথম দিনেই ৯০ কোটির ব্যবসা করেছে কোরতলা শিবা পরিচালিত এই ছবি। এ বছরেরই বহুআলোচিত সিনেমা ‘স্ত্রী ২'-কেও ছাপিয়ে গেছে ‘দেবারা’র ব্যবসা। অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ প্রথম দিনে ব্যবসা করেছিল ৫৫ কোটি ৪০ লক্ষ টাকা।
শনিবারও বক্স অফিসে 'দেবারা'-র ব্যবসার ধারা অব্যাহত ছিল। সব মিলিয়ে যা খবর এখনও অবধি গোটা পৃথিবী জুড়ে ২৫০ কোটির ব্যবসা করেছে এই দক্ষিণী ছবি।
অ্যাডভান্স বুকিংয়ে প্রথম থেকেই ‘দেবারা’ ভাল সাড়া ফেলেছিল। প্রথম দিনেই আয় করেছিল ৪০ কোটি। প্রসঙ্গত, ২০২২ এর ২৫ মার্চ মুক্তি পেয়েছিল ‘আরআরআর’। সেই সিনেমাতেও অভিনয় করেছিলেন এনটিআর। আর এবার অভিনয় করলেন কোরতলা শিবা পরিচালিত ‘দেবারা: পার্ট ওয়ান’-এ।