কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজক রানা সরকার। দিন তিনেক আগে রানা ও দেব যৌথভাবেই ঘোষণা করেছিলেন ছবি মুক্তির খবর।

শেষ আপডেট: 26 May 2025 15:01
দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়ালই প্রথম জানিয়েছিল মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। শুধুই আশা নয়, অবশেষে আসছে সে। সেই খবরেই গত শুক্রবার শিলমোহর দিয়েছেন দেব। জানিয়েছেন, আগামী ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। আরও একবার উস্কে দেবে নস্টালজিয়া। দেব-শুভশ্রী যে সময় এই ছবি শুট করেন সে সময় তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। রুক্মিণীর সঙ্গে তখন দেবের প্রেমের সদ্য শুরু। ইন্ডাস্ট্রির কানাঘুষো, ছবিতে অভিনয় না করলেও এই ছবির সবটা জুড়ে ছিলেন রুক্মিণী। শোনা যায়, শুটিংয়েও নাকি সঙ্গ দিয়েছিলেন দেবকে। যদিও সে সব অতীত। এত বছর পর, অবশেষে 'ধূমকেতু'র আগমন। কেমন লাগছে রুক্মিণীর? সংবাদমাধ্যমের তরফে এ প্রশ্ন করতেই রুক্মিণী বললেন, "আমিও তো অপেক্ষায় আছি, অবশেষে সে আসছে।"
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজক রানা সরকার। দিন তিনেক আগে রানা ও দেব যৌথভাবেই ঘোষণা করেছিলেন ছবি মুক্তির খবর। এই মুহূর্তে 'লাস্ট মিনিট টাচআপ' চলছে ছবির। কাজ চলছে জোরকদমে।

কেন আটকে ছিল এই ছবি?
২০১৬ সালে শুট হয়েও প্রায় ৯ বছর ধরে আইনি জটিলতার কারণেই আটকে ছিল এই ছবি। ছবির দুই প্রযোজক রানা ও দেবের মধ্যে মতের পার্থক্য দেখা গিয়েছিল। সমস্যা ছিল পয়সাকড়ি সংক্রান্তও। তবে ৯ বছর পরেও এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনাই বোধহয় যাবতীয় ঝামেলা নিরসনের অনুঘটকের কাজটা করেছে। আভ্যন্তরীণ ঝামেলা মিটিয়ে অবশেষে আশার আলো দেখছেন সকলেই।
কেন ছবি নিয়ে উন্মাদনা?
৯এর দশকের শেষের দিকে যাঁদের জন্ম তাঁদের স্কুলজীবন কেটেছে দেব-শুভশ্রী জুটিকে ঘিরেই। ব্যক্তিগত জীবনে যাই ঘটে থাকুক না কেন, তাঁদের জুটি হিসেবে গ্রহণযোগ্যতা আজও অটুট। যদিও ধূমকেতুর পর তাঁদের একসঙ্গে আর কোনও ছবি করতে দেখা যায়নি। আগামী দিনেও দেখা যাবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই। তাই শেষবারের জন্য 'দেসু' জুটিকে পর্দায় দেখতে চান সকলেই। আপাতত সকলেই তাকিয়ে অগস্টের ১৪ তারিখের দিকে।
এর আগে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির প্রচারে এসে ধূমকেতু নিয়ে মুখ খুলেছিলেন শুভশ্রী। তিনি বলেন, "সত্যি কথা বলতে ওই ছবিটা খুবই ভালো একটা ছবি, কিন্তু আমি এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সন। আমার অভিনয় দেখে মানুষের কতটা ভাল লাগবে আমি সেটা নিয়ে নিশ্চিত নই। একটা পুরনো ছবি রিলিজ হবে, এটাই ভাল লাগছে।"
