ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় ৩,৫১২টি টিকিট। খুব অল্প কিছু টিকিটই তখনও অবশিষ্ট ছিল। এই দ্রুত বিক্রির ছবি থেকেই পরিষ্কার, বহু বছর পর দেব ও শুভশ্রীকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় কতটা মুখিয়ে রয়েছেন দর্শকরা।

শেষ আপডেট: 21 January 2026 12:07
দ্য ওয়াল ব্যুরো: শনিবার, ১৯ জানুয়ারি দুপুরে প্রথমবার একসঙ্গে লাইভে এসে অনুরাগীদের বড় চমক দেন দেব ও শুভশ্রী। আসন্ন ছবি দেশু-৭ নিয়ে কথা বলতে গিয়েই তারকা জুটি যা জানান, তাতে চমকে গিয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। অনুরাগীদের মনে ছিল খুশির জোয়ার। দুর্গাপুজোয় যে ছবি মুক্তি পেতে চলেছে, তার টিকিট দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে মুক্তির প্রায় ১০ মাস আগেই। একই সঙ্গে জানানো হয়, প্রথম দিনের প্রথম শোয়ের টিকিট কাটলে দর্শকদের জন্য অপেক্ষা করছে বিশেষ চমক।
দেশু-৭ টিকিটে চমক
টিকিট বিক্রির ক্ষেত্রেও থাকছে অভিনবত্ব। সাধারণ টিকিটের পাশাপাশি বিশেষ সোনালি রঙের টিকিট তৈরি করা হয়েছে, যেখানে থাকছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ। ১৯ জানুয়ারি বিকেল ঠিক তিনটে থেকেই শুরু হয়ে যায় টিকিট বুকিং, আর শুরু হতেই যে ঝড় ওঠে, তাতে পলকে হাউস ফুল হয় প্রথম দিনের প্রথম শোয়ের টিকিট।
হাউসফুল প্রথম দিনের প্রথম শো
ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় ৩,৫১২টি টিকিট। খুব অল্প কিছু টিকিটই তখনও অবশিষ্ট ছিল। এই দ্রুত বিক্রির ছবি থেকেই পরিষ্কার, বহু বছর পর দেব ও শুভশ্রীকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় কতটা মুখিয়ে রয়েছেন দর্শকরা।
টলিপাড়ার অন্দরে বিতর্ক
কিন্তু এই সাফল্যের মাঝেই শুরু হয়েছে নতুন বিতর্ক। দেব-শুভশ্রী অভিনীত ছবিটি ঘিরে টলিপাড়ার অন্দরে তৈরি হয়েছে অস্বস্তির আবহ। ছবির প্রযোজক রানা সরকার নিজেই সেই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে।
রানা সরকার জানান, বুক মাই শো-তে ‘দেশু ৭’-এর পেজ ক্রিয়েশন ও লিস্টিং নিয়ে আপত্তি জানিয়েছে বাংলার প্রথম সারির একটি প্রোডাকশন হাউজ। ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “আর কত নিচে নামব আমরা? আর কতদিন বাঙালি কাঁকড়া?”—এই মন্তব্যে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রির অন্দরে।
প্রতিবছরের মতো ২০২৬ সালের দুর্গাপুজোতেও একাধিক বড় ছবি মুক্তির কথা রয়েছে। তবে কোনও ছবির মুক্তির প্রায় ১০ মাস আগে থেকেই টিকিট বিক্রি শুরু হওয়া—এমন নজির বাংলা সিনেমায় আগে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এত আগে থেকে টিকিট বিক্রি হলে পুজোর বাকি ছবিগুলির ক্ষেত্রে তা কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে।
যদিও রানা সরকার স্পষ্ট করে জানাননি, তিনি কোন প্রোডাকশন হাউজের কথা বলছেন। তবু তাঁর পোস্ট থেকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে, ‘দেশু ৭’ ঘিরে টলিপাড়ায় ফের এক দফা মতবিরোধ ও কোন্দলের পরিস্থিতি তৈরি হতে চলেছে। যদিও দেব তাঁর লাইভে স্পষ্ট করে দিয়েছিলেন যে, এই সিদ্ধান্তের জন্যে প্রয়োজনীয় অনুমতি তাঁদের কাছে ছিল।