আগামী ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই বহু প্রতীক্ষিত কনসার্ট। ফসিলস, লক্ষ্মীছাড়া, ইউফোরিয়া, চন্দ্রবিন্দু—বাংলার রক এবং পপ ব্যান্ডগুলির জমজমাট মঞ্চে নাম থাকার কথা ছিল হুলিগানইজমেরও।

শেষ আপডেট: 13 October 2025 21:35
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা রকের সুরেলা ঝড় তুলেছিল ‘হুলিগানইজম’। পুজোর সময় আমেরিকায় একাধিক শহরে অনুষ্ঠান করে ফিরেছেন অনির্বাণ ভট্টাচার্য, কৃষানু ঘোষ, দেবরাজ ভট্টাচার্য-সহ পুরো টিম। কিন্তু দেশে ফিরেই দুঃসংবাদ—‘ইউনিটি কনসার্ট ২০২৫’-এর তালিকা থেকে হঠাৎই বাদ পড়েছে হুলিগানইজম।
আগামী ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই বহু প্রতীক্ষিত কনসার্ট। ফসিলস, লক্ষ্মীছাড়া, ইউফোরিয়া, চন্দ্রবিন্দু—বাংলার রক এবং পপ ব্যান্ডগুলির জমজমাট মঞ্চে নাম থাকার কথা ছিল হুলিগানইজমেরও। কিন্তু রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়ে দেওয়া হয়—দলটি কোনও এক “অজ্ঞাত কারণে” এই শো থেকে বাদ পড়েছে। নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে সেই কথা শেয়ার করে ব্যান্ডটির তরফ থেকে লেখা হয়, “খবর পাইলাম ১ নভেম্বর ইউনিটি কনসার্ট-এর তালিকা হইতে কোনও এক অজ্ঞাত কারণে হুলিগানইজম বাদ গিয়াছে। তাতে দুঃখ পাইবেন না শ্রোতাগণ। দুর্দান্ত সব ব্যান্ড বিদ্যমান—ফসিলস, লক্ষ্মীছাড়া, চন্দ্রবিন্দু ও ইউফোরিয়া। তবে বন্ধুগণ, হুলিগানইজমের গান বন্ধ হইবে না।”

তবে এখানেই শেষ নয়। সেই পোস্টে আরও লেখা হয়, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনই খুঁজিবেন না। পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য ও সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে।”
সোজাসাপটা কথা বলে এই ব্যান্ড। রাজনৈতিক স্যাটায়ার থেকে শুরু করে সমকালীন বিভিন্ন রাজনৈতিক ঘটনা উঠে আসে তাঁদের গানে। কখনও কুণাল ঘোষ, কখনও শতরূপ ঘোষ আবার কখনও বা দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে গান বেঁধেছেন তাঁরা। SIR থেকে NRC...আসে সব প্রসঙ্গই।
অনুরাগীদের একাংশের প্রশ্ন, সেই কারণেই কি 'বাদ' পড়তে হল এই গানের দলকে? পোস্টের নিচে ঝড় উঠেছে সমর্থনের। কেউ লিখেছেন, “ভাল কিছু করতে গেলে বাধা আসবেই। সমালোচনা যত বাড়ে, ততই বুঝতে হয় আপনি ঠিক পথে আছেন।” আরেকজনের ভাষায়, “হুলিগানইজম মানে প্রতিবাদের সুর। ওদের গান থামানো যায় না।”
যদিও কনসার্ট আয়োজকদের তরফে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া আসেনি। তবু নেটিজেনদের প্রশ্ন কিছুতেই থামছে না।