সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তখন তিনি বলিউডে পা রাখেননি, ছিলেন প্রথম সারির মডেল।

দীপিকা পাড়ুকোন
শেষ আপডেট: 18 June 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: বড় পর্দায় তাঁকে আমরা অনেক সময়েই প্রতিবাদী চরিত্রে দেখেছি। তবে বাস্তব জীবনেও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ঠিক তেমনই। কেরিয়ারের শুরু থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন—তা সে যত বড় নামই হোন না কেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তখন তিনি বলিউডে পা রাখেননি, ছিলেন প্রথম সারির মডেল। এক অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনের ফটোশুট চলাকালীন এক পরিচালক তাঁর শারীরিক গঠনের বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। দীপিকার বক্তব্য অনুযায়ী, পরিচালক এমন সব মন্তব্য করেন, যা একজন পেশাদার শিল্পী হিসেবে তিনি কোনওভাবেই মেনে নিতে পারেননি।
হঠাৎ করেই দীপিকাকে বলেন, 'তোমার শরীর অনুযায়ী স্তন বেশ কিছুটা ছোট। আসলে এই বিজ্ঞাপনের জন্য বড় স্তন দরকার! তবে এতে চিন্তা করার কিছু নেই। যখন এডিট করা হবে, তখন তাতে তোমার স্তনযুগল বড় করে দেওয়া হবে। কিন্তু তুমি চাইলে স্তন বাড়ানোর অপারেশনও করে নিতে পারো।'
এসব কথা শোনার পরে পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছিল যে, কোনও উত্তপ্ত বিতর্কে না জড়িয়েও দীপিকা সরাসরি শুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে আসেন। তিনি জানান, ওই বিজ্ঞাপন তিনি আর করবেন না—এই মর্মে সেটি তৎক্ষণাৎ ছেড়ে দেন।
এই ঘটনা থেকেই বোঝা যায়, ইন্ডাস্ট্রিতে কাজ পেতে বহু নবাগত যেখানে আপসের পথ বেছে নেন, দীপিকা শুরু থেকেই আত্মমর্যাদাকে গুরুত্ব দিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়েও তিনি তাঁর নীতিতে অনড়—সাম্প্রতিক সময়ে দক্ষিণী একটি ছবির সঙ্গে চুক্তি বাতিল করে তা ফের প্রমাণ করেছেন, যেখানে আট ঘণ্টার বেশি কাজের চাপ তিনি মেনে নিতে চাননি।