মেয়ে দুয়ার জন্মের পর জীবনে বড় পরিবর্তন এসেছে দীপিকা পাড়ুকোনের।

দীপিকা পাড়ুকোন
শেষ আপডেট: 3 March 2026 14:08
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে কন্যাসন্তান দুয়ার জন্মের পর থেকে জীবন যেন নতুন ছন্দে বাঁধা পড়েছে দীপিকা পাড়ুকোন-এর। স্বামী রণবীর সিং ও মেয়েকে ঘিরেই এখন তাঁর পৃথিবী। মাতৃত্বের এই নতুন অধ্যায় তিনি মন ভরে উপভোগ করছেন, তবে সেই সঙ্গে এসেছে অজস্র অচেনা অনুভূতিও।
সন্তানের জন্মের পর একজন মায়ের শরীর ও মনে যে পরিবর্তন আসে, দীপিকাও তার ব্যতিক্রম নন। দিন-রাতের বেশিরভাগ সময় এখন কেটে যায় দুয়াকে ঘিরে। কিন্তু এই গভীর ভালোবাসার মাঝেই কখনও কখনও ধরা দেয় অদ্ভুত এক মানসিক টানাপোড়েন। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের সেই অভিজ্ঞতার কথাই খোলাখুলি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
দীপিকার কথায়, তিনি যেন এক বিচিত্র অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। কখনও খুব করে নিজের জন্য একটু বিরতি চাইছেন—একটা ছোট্ট ‘ব্রেক’, যা তাঁর মানসিকভাবে প্রয়োজন। আবার সেই তিনিই মেয়েকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। অন্য কেউ দুয়াকে কোলে নিলে অস্বস্তি হয়, বিরক্তিও আসে। একই সঙ্গে দিনের কোনও এক সময় তিনি সম্পূর্ণ নিস্তব্ধতাও চান। এই পরস্পরবিরোধী অনুভূতিগুলিই এখন তাঁর মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতার অংশ।
দুয়ার জন্মের পর যেন গোটা পৃথিবীটাই বদলে গিয়েছে তাঁর কাছে। মেয়েকে সময় দেওয়ার জন্য নিজের কেরিয়ার নিয়েও আপস করেছেন দীপিকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের এই নতুন ‘ইনিংস’ তিনি কতটা উপভোগ করছেন। মাতৃত্ব তাঁর দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার—সবকিছুই বদলে দিয়েছে।
এমনকি বদলে গিয়েছে তাঁর ফোনের প্লে-লিস্টও। এখন সেখানে জায়গা করে নিয়েছে দুয়ার পছন্দের ছড়া আর গান। সারাদিনে অসংখ্যবার মেয়েকে তিনি একটি কথাই বলেন—“ভালবাসি।”