হিন্দি ছবিতে অভিষেক হতে চলেছে দর্শনা বণিকের। বিক্রম ভাটের নতুন থ্রিলার ‘বিরাট’-এর নামভূমিকায় থাকছেন তিনি। ছবিতে রয়েছেন নমশি চক্রবর্তীও।

দর্শনা বণিক
শেষ আপডেট: 16 May 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি ছবিতে পা রাখছেন দর্শনা বণিক। পরিচালক বিক্রম ভাটের আসন্ন থ্রিলার ‘বিরাট’-এর নামভূমিকায় দেখা যাবে তাঁকে। ব্রিটিশ আমলের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির কেন্দ্রে রয়েছে রহস্য। একটি মন্দির ভাঙাকে ঘিরে রহস্যজনক ঘটনা। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে ছবির। এই ছবিতেই একটি চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তীর পুত্র নমশি চক্রবর্তী। বলিউডে এখনও পর্যন্ত তেমন সাফল্য না পেলেও, ‘বিরাট’-এর মাধ্যমে ফের একবার বড় পর্দায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি।
সূত্রের খবর, এই হিন্দি ছবির কাজের জন্য দর্শনা বঞ্চিত হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী বাংলা ছবি থেকে। সেই ছবিতে লক্ষীপ্রিয়া চরিত্রে অভিনয়ের কথা ছিল তাঁর। ‘রাজ’ এবং ‘হরর স্টোরিজ’-এর মতো হিট ছবি নির্মাণের পর বিক্রম ভাট কিছুটা ছায়ায় চলে গিয়েছিলেন। তবে পরিচালক স্পষ্ট জানিয়েছেন, তিনি আবারও মূল স্রোতে ফিরতে প্রস্তুত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মাস অডিয়েন্সকে ভুলে যাওয়ার মানে সিনেমাকেই ভুলে যাওয়া।”
তবে বলিউডে ভাট ক্যাম্পের উপস্থিতি এখন কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। এক সময় পাওলি দামের হিন্দি ছবিতে প্রবেশ হয়েছিল ভাট ক্যাম্প থেকেই। এবার দর্শনার ক্ষেত্রে সেই পরিচিত ফর্মুলা কতটা কাজ করে, তা সময় বলবে।
অন্যদিকে, বলিউড নিয়ে মুখ খুলেছেন নমশি চক্রবর্তীও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বাবা যখন বলিউডে সফল হচ্ছিলেন, তখনও মিডিয়ার সাপোর্ট পাননি। আজও সেই পরিস্থিতি বদলায়নি।” ইরফান খানের ছেলে বাবিল খান যেমন বলিউডকে ‘ফেক ইন্ডাস্ট্রি’ বলে আখ্যা দিয়েছিলেন, নমশির বক্তব্যও সেই ক্ষোভেরই প্রতিধ্বনি।