
শেষ আপডেট: 5 July 2022 09:12
দ্য ওয়াল ব্যুরো: ওটিটি-তে ডেবিউ করছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ‘ডার্লিংস’ (Darlings Teaser) ছবির টিজার মুক্তি পেয়েছে মঙ্গলবার। নেটফ্লিক্সের পর্দায় আগামী ৫ অগস্ট এই ছবি মুক্তি পাবে। তার আগে টিজারেই নজর কেড়েছেন কাপুর ঘরণী।
এই ছবিতে আলিয়া ভাট ছাড়াও থাকছেন শেফালি শাহ, বিজয় বর্মা। মাত্র ১ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজারে একটি অন্যধারার গল্প বলেছেন পরিচালক।

ব্যাঙ আর বিছের মধ্যে কি কখনও বন্ধুত্ব সম্ভব? প্রশ্ন তুলেছে ‘ডার্লিংস’-এর টিজার। ভিডিও-র শুরুতেই দেখা গেছে আলিয়া ভাট বসে রয়েছেন একটি সিনেমা হলে। পপকর্ন খেতে খেতে একা একাই সিনেমা দেখছেন তিনি। আর ব্যাকগ্রাউন্ডে তাঁরই গলায় শোনা যাচ্ছে ব্যাঙ আর বিছের গল্প।
শেফালি শাহ ওটিটি-তে আজকাল দুরন্ত অভিনয় করছেন। একের পর এক ছবিতে তাঁর মারকাটারি অভিনয় ছাপ ফেলেছে আলাদা করে। ‘ডার্লিংস’-এর টিজারে আলাদা করে নজর কেড়েছেন তিনিও।
এই ছবিতে আলিয়া ভাট এবং বিজয় বর্মাই হলেন গল্পের সেই ব্যাঙ আর বিছে, বুঝতে অসুবিধা হয় না। রূপক অর্থে ব্যবহৃত হয়েছে ওই দুই প্রাণীর নাম।
‘ডার্লিংস’ ছবির হাত ধরে আলিয়া ভাট কেবল ওটিটি-তেই ডেবিউ করছেন না, এটি তাঁর প্রোডাকশন ডেবিউও বটে। এই প্রথম পূর্ণাঙ্গ ছবি প্রযোজনা করছেন আলিয়া। ছবিটির টিজার তিনি নিজেও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। দর্শকরা ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন।
আরও পড়ুন: রবি ঠাকুরের প্রেসক্রিপশন! আজও সযত্নে রাখা জোড়াসাঁকোর ওষুধের দোকানে, দেখুন আপনিও