বরাবরই কাজ বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট সচেতন অভিনেত্রী। অভিনয় কেরিয়ারই তার প্রমাণ। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন স্বাদের গল্পেও সমান স্বচ্ছন্দ চিত্রাঙ্গদা। এবার সেই অভিনেত্রীই বায়োপিকে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন, আর তাতেই শুরু হয়েছে নয়া জল্পনা।

শেষ আপডেট: 7 January 2026 16:16
দ্য ওয়াল ব্যুরো: বিগ বাজেট ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’-এ সলমন খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। যদিও ছবির প্রথম ঝলকে এখনও দেখা যায়নি তাঁকে, তবু এই ছবিকে কেন্দ্র করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বরাবরই কাজ বাছাইয়ের ক্ষেত্রে যথেষ্ট সচেতন অভিনেত্রী। অভিনয় কেরিয়ারই তার প্রমাণ। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন স্বাদের গল্পেও সমান স্বচ্ছন্দ চিত্রাঙ্গদা। এবার সেই অভিনেত্রীই বায়োপিকে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন, আর তাতেই শুরু হয়েছে নয়া জল্পনা।
গত কয়েক বছরে সিনেদুনিয়ায় বায়োপিকের ঢল নেমেছে। রাজনীতি থেকে খেলাধুলো, আবার কখনও বিনোদনজগতের কিংবদন্তি ব্যক্তিত্বদের জীবন উঠে এসেছে বড় পর্দায়। চিত্রাঙ্গদাও পা রাখতে চলেছেন সেই পথে? বিশেষ করে প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের সঙ্গে তাঁর চেহারার মিল নিয়ে বহুদিন ধরেই চর্চা তুঙ্গে। মুখের গড়ন, চোখের ভাষা—সব মিলিয়ে অনুরাগীদের একাংশ বারবার এই দুই অভিনেত্রীর মধ্যে সাযুজ্য খুঁজে পেয়েছেন।
এই মিল একসময় আরও বড় আলোচনার জন্ম দিয়েছিল। স্মিতা পাতিলের পুত্র প্রতীক বব্বর একবার মাতৃদিবসে ভুল করে চিত্রাঙ্গদা সিংয়ের ছবি পোস্ট করে ফেলেন। তিনি ভেবেছিলেন সেটি তাঁর মায়েরই ছবি। পরে বিষয়টি সামনে আসতেই বিনোদনমহলে তুমুল চর্চা শুরু হয়। সেই প্রসঙ্গ টেনেই সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা স্পষ্ট জানালেন, তিনি পর্দায় স্মিতা পাতিলের চরিত্রে অভিনয় করতে চান।
অভিনেত্রীর কথায়, সিনেজগতে এমন একজন মানুষ আছেন, যাঁর সঙ্গে তাঁর তুলনা সবচেয়ে বেশি করা হয়—তিনি স্মিতা পাতিল। বহু মানুষের কাছ থেকেই তিনি এই কথা শুনেছেন। এমনকি প্রতীক বব্বরও তাঁকে এই মিলের কথা বলেছেন। চিত্রাঙ্গদার মতে, এই সাযুজ্য সত্যিই বিস্ময়কর। তাই ভবিষ্যতে যদি কখনও স্মিতা পাতিলকে নিয়ে কোনও বায়োপিক তৈরি হয় এবং সেখানে অভিনয়ের সুযোগ পান, তাহলে সেটি তাঁর কাছে অত্যন্ত সম্মানের হবে।
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই টিনসেল টাউনের অন্দরমহলে প্রশ্ন উঠতে শুরু করেছে—তাহলে কি সত্যিই স্মিতা পাতিলের বায়োপিক নিয়ে ভাবছেন কোনও পরিচালক বা প্রযোজক? আর সেই ছবিতে কি দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে? আপাতত উত্তর অধরা। তবে অভিনেত্রীর এই ইচ্ছেপ্রকাশ যে নতুন আলোচনার দরজা খুলে দিয়েছে, তা বলাই যায়।