
ফের শাহরুখকে কটাক্ষ অভিজিতের
শেষ আপডেট: 10 April 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে একটা সময় ছিল যখন শাহরুখের (Shah Rukh Khan) সিনেমার গান (movie song) মানেই সেখানে থাকবেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য (Abhijit Bhattacharya)। কিন্তু এখন দু’জনের মধ্যে সম্পর্ক ঠিক কেমন, তা বলিউডের (Bollywood) হাওয়াও জানে। সম্প্রতি, অভিনেতার সঙ্গে তাঁর ‘সাপে-নেউলে’ সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিজিৎ।
সে ‘চলতে চলতে’-এর (Chalte chalte) ‘তওবা তুমহারে ইয়ে ইশারে’ হোক বা ‘উয়ো লড়কি যো সবসে আলগ হ্যায়’ বা ‘জারা সা ঝুম লু ম্যায়’, অভিজিৎ-শাহরুখ (Abhijit-Shah Rukh) জুটি মানেই মানুষের ঠোঁটে ঠোঁটে ফেরা সব গান।
কিছুদিন আগে, এক সাক্ষাৎকারে অভিজিৎকে জিজ্ঞাসা করা হয় তাঁর সঙ্গে শাহরুখের এই সম্পর্কের ব্যাপারে। কী হল হঠাৎ তাঁদের মধ্যে? ব্যঙ্গাত্মক সুরে সটান জবাব গায়কের, ‘শাহরুখের গান মানেই আমার গলা, যমজ যেন এই জুটি। কিন্তু এখন যেন মনে হয় ওই গানগুলো যেন আমার নেই আর। শাহরুখই লিখেছেন, উনিই গেয়েছেন, সুরও উনি নিজেই দিয়েছেন। সিনেমা তো শাহরুখই বানিয়েছেন, সিনেমাটোগ্রাফার-ও তিনিই। সব জায়গায় তো শাহরুখই। আমি কী করছি তাহলে? মানুষ যখন বলেন এটা তো শাহরুখের গান, আমার মনে হয়, হ্যাঁ ঠিকই তো, আমার তো নয় সেসব গান।’
সাক্ষাৎকার চলাকালীন কথাপ্রসঙ্গে ‘চলতে চলতে’-এর ‘তওবা তুমহারে ইয়ে ইশারে’ গানটি নিয়েও কথা উঠে আসে। অভিজিতের মতে, এই গানে অভিনেতার এক্সপ্রেশনের সঙ্গে তাঁর গলা একদম পারফেক্ট ছিল। গায়ক বলেন, ‘সিনেমাটি একদমই মোটামুটি গোত্রের। আর সেখানেই আমার গান ছিল ভীষণ হিট (hit song)। কিন্তু কী আর করা যাবে!’
প্লেব্যাক গানের জগতে অভিজিতের ভূমিকা কখনওই অস্বীকার করার মতো নয়। অসাধারণ সব গান শ্রোতাকে উপহার দিয়েছেন তিনি। বলিউড ও অন্যান্য আঞ্চলিক ভাষায় ১০০০-এরও ওপর গান রয়েছে তাঁর ঝুলিতে।
শাহরুখের সঙ্গে অভিজিতের এই সম্পর্ক চলতে থাকলে আর কি সেই সব পুরনো ম্যাজিক নতুন করে ফিরে পাবে না ভক্তকুল, প্রশ্ন তো থাকবেই।