সম্পর্ক ভাঙার নেপথ্যে কী ছিল? এক সাক্ষাৎকারে চাহাল জানান, সময়ের অভাব ও পারস্পরিক দূরত্বই ডিভোর্সের মূল কারণ।

চাহাল ও ধনশ্রী
শেষ আপডেট: 1 August 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্স নিয়ে জল্পনা কম হয়নি। ২০২৫ সালের শুরুতেই তাঁদের বিচ্ছেদ হয়, কিন্তু ঠিক কী কারণে তাঁদের এই সম্পর্ক ভেঙে গেল, তা নিয়ে এতদিন চুপ করে ছিলেন চাহাল। এবার এক সাক্ষাৎকারে নিজেই মুখ খুললেন জাতীয় দলের এই লেগস্পিনার।
সম্প্রতি রাজ শমানির একটি পডকাস্টে হাজির হয়েছিলেন চাহাল। সেখানেই সরাসরি তাঁকে প্রশ্ন করা হয়—‘‘একসময় আপনাদের সম্পর্ক ছিল নিখুঁত, একসঙ্গে থাকা, সোশ্যাল মিডিয়ার ছবিগুলো দেখে তা-ই মনে হতো। কিন্তু হঠাৎই খবর এল, আপনারা আলাদা হচ্ছেন। কোথায় কী ভুল হয়েছিল?’’
চাহালের জবাব স্পষ্ট ও সংযত। তিনি বলেন, “এটা বহুদিন ধরেই চলছিল। আমরা ঠিক করেছিলাম যতদিন না চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছচ্ছি, ততদিন এই নিয়ে কিছু বলব না। সোশ্যাল মিডিয়ায় আমরা একটা ‘নর্মাল কাপল’-এর ইমেজ বজায় রাখছিলাম।”
এরপর তিনি আরও বলেন, “আমার মনে হয়, একটা সম্পর্কে বোঝাপড়াটা খুব জরুরি। সময় দেওয়া, পরস্পরকে শোনার ক্ষমতা থাকা দরকার। আমি তখন ভারতের হয়ে খেলছিলাম, আর ও নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। আমাদের মধ্যে সময়ের খুব অভাব ছিল। দিনের পর দিন সেটা বেড়েই চলেছিল।”
চাহাল সরাসরি বলেন, “আমরা এতটাই কাজে ডুবে গিয়েছিলাম যে সম্পর্কে মন দেওয়ার মতো অবস্থায় আর ছিলাম না।”
তবে এই সম্পর্ক ভাঙার কারণ নিয়ে আরও একাধিক জল্পনা ঘুরছে চর্চার কেন্দ্রে। কেউ কেউ বলছেন, আরজে মাহভাশের সঙ্গে চাহালের ঘনিষ্ঠতা শুরু হওয়ার পর থেকেই নাকি দাম্পত্যে দূরত্ব বাড়তে থাকে। আবার অন্য একটি মহলের দাবি, ধনশ্রী নাকি মানিয়ে নিতে পারছিলেন না চাহালের পরিবারের সঙ্গে।
এদিকে, চাহাল-মাহভাশ সম্পর্কও এখন বেশ চর্চায়। একাধিক আইপিএল ম্যাচে চাহালকে মাঠে উৎসাহ দিতে দেখা গিয়েছে মাহভাশকে। দু’জনের সম্পর্ক ঘিরে চলছে কানাঘুষো—তবে কেউ এখনও মুখ খোলেননি প্রকাশ্যে।