
শেষ আপডেট: 22 November 2023 18:12
দ্য ওয়াল ব্যুরো: আটের দশকের শুরুতে চিত্রনাট্যকার সেলিম খান ও তাঁর স্ত্রী সালমা খানের সুখের সংসারে হঠাৎ যেন ঝড় আছড়ে পড়েছিল। ১৯৬৪ সালে ভালবেসে সালমা খানকে বিয়ে করার পর যে ফ্যামিলি ছিল সুখী পরিবারের নিদর্শন, সেখানেই আচমকা এন্ট্রি নিয়েছিলেন বলিউডের অভিনেত্রী তথা নৃত্যশিল্পী হেলেন। সেলিম খানের সঙ্গে পরিচয়, প্রেম ও তারপর বিয়ে—এত কিছুর পর সেলিম খানের পরিবার সেই ধাক্কা কীভাবে কাটিয়ে উঠেছিল? সম্প্রতি সেসবই প্রকাশ্যে এনেছেন হেলেন নিজেই।
অভিনেত্রীকে যখন সেলিম বিয়ে করেন, তখন তাঁর পরিবারে তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সলমনের তখন ১৬ বছর বয়স। আরবাজ সবে পা দিয়েছেন ১৪-য়। আর মেয়ে আলভিরা এবং ছোটছেলে সোহেল তখন খুবই ছোট। সেলিম খানের এই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে খান পরিবারের ভিত নড়ে গিয়েছিল। জানা যায়, বাবার এমন সিদ্ধান্তে বেশ রেগে গিয়েছিলেন সলমন খান। বেশ কয়েকমাস কথাও বলেননি। তবে ধীরে ধীরে সেই ক্ষতে মলম পড়ে। আর তাই আজও খান পরিবার ভেঙে যায়নি।
কিন্তু বিয়ের আগে যখন সেলিম খানের সঙ্গে হেলেন প্রেম করছেন, তখন সালমার সামনে কীভাবে নিজেকে লুকোতেন অভিনেত্রী? হেলেন জানিয়েছেন, বিয়ের আগে আমি যখনই ব্যান্ডস্ট্যান্ডের সামনে দিয়ে যেতাম, জানতাম সালমা দিদি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। তাই সঙ্গে সঙ্গে নিজের মাথা নামিয়ে নিতাম গাড়ির ভিতর। যাতে ওঁর দেখে মনে হয় গাড়ি ফাঁকা। কোনওদিন মাথা তুলে তাকাইনি। কিন্তু সালমা যখন হেলেনের সঙ্গে তাঁর স্বামীর প্রেমের কথা জেনেছিলেন, তখন তাঁর প্রতিক্রিয়া কী ছিল?
এর জবাবে সেলিম খান বলেন, “আমি তো এমন কিছু করিনি যে ও ভাল কিছু বলবে বা আমাকে কোনও পুরস্কার দেবে। সেইসময় আমার জীবনে বড় ঝামেলা এসেছিল। পরে ধীরে ধীরে সেই পরিস্থিতি সামলে উঠেছি। আর শুধু সালমা তো নয়, আমার সন্তানরাও বিষয়টা ভালভাবে নেয়নি। আমি ওঁদের বলেছিলাম, আমি জানি তোমরা হয়ত তোমাদের মায়ের জায়গা বা ওই রকম ভালবাসা হেলেনকে দিতে পারবে না। তবে মায়ের মতো সম্মানটা দিও, ওটাই যথেষ্ট। আর ওঁরা সেটাই করেছে।”