সম্পর্কের শুরুর দিকে করিনাকে নিয়ে সন্দেহ ও হিংসার কথা স্বীকার করলেন সইফ আলি খান। ১৩ বছরের দাম্পত্যে পৌঁছনোর আগে সিক্রেট শেয়ার করলেন অভিনেতা।

সইফ-করিনা
শেষ আপডেট: 16 December 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: ১৩ বছরের দাম্পত্যে আজ স্থিরতা রয়েছে। কিন্তু সম্পর্কের শুরুর দিনগুলোতে ঈর্ষা আর নিরাপত্তাহীনতা ছিল আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। একথা নিজে মুখে স্বীকার করলেন সইফ আলি খান (Saif Ali Khan)। করিনার (Kareena Kapoor Khan) সঙ্গে প্রেমের শুরুর সময়কার অভিজ্ঞতা তুলে ধরলেন সকলের সামনে।
তাশান (Tashan) ছবির সেটে আলাপ, ২০০৭ থেকে ডেটিং, তারপর ধীরে ধীরে সংসার জীবনে প্রবেশ। সেসময় করিনা হিট, তাশানে জিরো ফিগার নিয়ে রীতিমতো চর্চায়। 'ছালিয়া ছালিয়া' গানে তাঁর বিকিনি লুক দেখে ঘুম উড়েছিল তরুণ প্রজন্মের। টপে থাকা অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থাকা খুব স্বাভাবিকভাবেই সহজ ছিল না। এক বেসরকারিকে দেওয়া সাক্ষাৎকারে সইফ সেকথা স্বীকার করেন অকপচ। করিনার অন্য পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করা তাঁকে অস্বস্তিতে ফেলত। সইফ বলেন, “সহজ মানুষ ছিলেন না” সেসময় তিনি।
নতুন সম্পর্কে এমন আবেগ সামলাতে পরিণত মানসিকতা, বিশ্বাস আর একে অপরের প্রতি আস্থা খুব দরকার। শুরুতে যদি স্বাভাবিকভাবেই নিরাপত্তাহীনতা থাকে, তাহলে বিষয়টা সামলানো কঠিন হয়ে পড়ে, পড়ে বিষয়টা উপলব্ধ করেন অভিনেতা।
‘রাইভাল’ বনাম ‘অ্যালাই’
আরও খোলাখুলি সইফ বলেন, এর আগে যাঁদের সঙ্গে তিনি ডেট করেছেন, তাঁদের সিনেমাজগতের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না। করিনার ক্ষেত্রে সমীকরণটা ছিল আলাদা। তাঁর ভাষায়, যাঁরা তাঁর “রাইভাল”, তাঁরাই করিনার “অ্যালাই”- এটা বাস্তব হলেও তাঁর পক্ষে মেনে নেওয়া তখন সহজ ছিল না। তবে শেষ পর্যন্ত ভালবাসাই জিতেছে।
করিনাকে নিয়ে সইফের প্রশংসা
স্ত্রী হিসেবে করিনা বেস্ট, একবাক্যে স্বীকার করেন সইফ। তাঁকে “অসাধারণ” ও “ভীষণ ধৈর্যশীল, ভালবাসায় ভরা” একটা মানুষ বলে উল্লেখ করেন। সইফ মনে করে যেকোনও জায়গাকে 'ঘর' তৈরি করতে ভালবাসা লাগে, করিনা সেটা করেছেন। ক্যামেরার সামনে তিনি যেমন সৃজনশীল, পরিবারের ক্ষেত্রেও তেমনই। এমনকি প্রতিদ্বন্দ্বীর সাফল্য উদযাপন করতে হলেও করিনার খুশিকেই তিনি সবসময় অগ্রাধিকার দেন।
২০১২ সালে বিয়ে সইফ আলি খান ও করিনা কাপুর খানের। তাঁদের দুই ছেলে তৈমুর (Taimur) ও জেহ (Jeh)। সইফের আগের বিয়ে অমৃতা সিং (Amrita Singh)-এর সঙ্গে; তাঁদের সন্তান সারা (Sara) ও ইব্রাহিম (Ibrahim)। সময়ের সঙ্গে ঈর্ষা পেরিয়ে বিশ্বাস-এই পথেই আজ তাঁদের ১৩ বছরের দাম্পত্য।