
শেষ আপডেট: 10 October 2023 19:48
দ্য ওয়াল ব্যুরো: বলিউড তারকাদের ক্যামেরার সামনে খ্যাতি এবং সেলিব্রিটি স্টেটাস নিয়ে কথা বলতে হামেশাই শোনা যায়। কিন্তু খ্যাতির শীর্ষে পৌঁছেও যে তাঁরা কতটা একা, নিজেদের তিল তিল করে তৈরি করা জায়গা হারিয়ে ফেলার যে কত ভয়, সেসব বিড়ম্বনা জানতে পারেন না অনেকেই। আর এই ভয় ও নানা ধরনের হতাশা থেকেই তাঁদের মানসিক স্বাস্থ্যের ক্রমশ অবনতি হতে শুরু করে। যা একসময় তাঁদের চূড়ান্ত ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। এমনকী কেউ কেউ মৃত্যুর কাছেও হার মানে। সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুর পর বারবার তাঁর মেন্টাল হেলথ নিয়ে আলোচনা হয়েছে সংবাদমাধ্যমে। বলিউডের এমন অনেক তারকাই আছেন যারা অবসাদে ডুবে একসময় মারাই গিয়েছেন। আবার অনেকেই সুস্থ হয়ে ফিরে এসেছেন জীবনের মূলস্রোতে। দাপিয়ে কাজ করছেন সিনেমাজগতে। আজ, মঙ্গলবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে তাঁদেরই গল্প রইল এই প্রতিবেদনে।