
জাহ্নবী কাপুর
শেষ আপডেট: 19 April 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) মাঝে মাঝেই বেশ কিছু বুদ্ধিদীপ্ত কথা বলে অনুরাগীদের মন জয় করে নেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেয়েদের পিরিয়ডের (Period) যন্ত্রণাকে কেন্দ্র করে সমাজে প্রচলিত কিছু গোঁড়ামির কড়া সমালোচনা করেছেন। তাঁর কথায়, অনেক পুরুষই এই ব্যথাকে হালকা করে দেখেন, এমনকি অবজ্ঞার সুরে ঠাট্টা করতেও ছাড়েন না। অথচ যদি তাঁরা নিজেরা এই যন্ত্রণার মুখোমুখি হতেন, তাহলে হয়তো মুহূর্তের মধ্যেই সবকিছু উল্টে যেত।
জাহ্নবী আরও বলেন, ‘অনেক সময় আমরা মেয়েরা যখন নিজেদের কথা জোর দিয়ে বলতে চাই বা যুক্তি তুলে ধরতে চাই, তখন অনেকেই ঠাট্টা করে বলে, ‘ওর নিশ্চয়ই মাসের সেই বিশেষ সময় চলছে’। কিন্তু যদি কেউ সত্যিই সহানুভূতি দেখাতে চায় এবং জিজ্ঞাসা করে, ‘তুমি কি একটু সময় চাও? পিরিয়ড চলছে তোমার?’- তখন সেটা আলাদা। সত্যি বলতে, আমাদের শরীরে হরমোনের মাত্রা তখন এমনভাবে ওঠানামা করে যে, মাঝে মাঝে একটু বিরতি নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। তখন সেই প্রশ্নটাও ভাল লাগে।’
তিনি এই বিষয়ে যেন অনেক মেয়ের মনের কথা তুলে ধরেছেন। বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, ছেলেরা এই শারীরিক কষ্ট আর মানসিক পরিবর্তন এক মুহূর্তও সহ্য করতে পারত না। কে জানে, যদি মেয়েদের মতো ছেলেদেরও পিরিয়ড হতো, তাহলে হয়তো পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধই লেগে যেত।’
অভিনেত্রীর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বহু মহিলার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। তাঁরা বলছেন, বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী এই কথা বলায় অনেকেই সাহস পাবেন নিজেদের কথা বলতে।
জাহ্নবী এখন ব্যস্ত রয়েছেন 'সানি সংস্কারি কি তুলসি কুমারী' ছবির শ্যুটিং নিয়ে। ২০২৫ সালে মুক্তি পাবে তার আরেকটি ছবি 'পরম সুন্দরী'। এরপর তিনি আবার দক্ষিণী ছবিতে ফিরছেন, যেখানে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে 'পেড্ডি' ছবিতে অভিনয় করবেন। এটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ মার্চ।