বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র (Dharmendra Health Update)। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আগামী কয়েকদিন নিজের বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

ফাইল ছবি
শেষ আপডেট: 12 November 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: বলিউডজুড়ে তাঁর মৃত্যুর খবর কোলাহল সৃষ্টি করেছিল মঙ্গলবার। অনুরাগীদের মধ্যে নেমে এসেছিল শোকের ছায়া। সেই গুজব মিথ্যে করেই বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধর্মেন্দ্র (Dharmendra Health Update)। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আগামী কয়েকদিন নিজের বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
৮৯ বছর বয়সী অভিনেতা গত ৩১ অক্টোবর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রায় ১০ দিন চিকিৎসার পর বুধবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বর্তমানে তাঁকে বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। তাঁর চিকিৎসক ড. প্রতীত সামদানি জানিয়েছেন, “ধর্মেন্দ্রজি এখন অনেকটাই স্থিতিশীল। পরিবার চাইছে তিনি যেন বাড়িতেই বিশ্রাম নিয়ে চিকিৎসা চালিয়ে যান। তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।”
অভিনেতার পরিবারের পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'ধর্মেন্দ্রজি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এবং বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। আমরা বিনীত অনুরোধ করছি, তাঁর এবং পরিবারের গোপনীয়তা যেন সবাই সম্মান করেন। তাঁর দ্রুত আরোগ্যের জন্য সবাই যে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। চিকিৎসকরা জানিয়েছিলেন, ধর্মেন্দ্র নিজেই হালকা শ্বাসকষ্ট অনুভব করায় হাসপাতালে আসেন। পরীক্ষার পর তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেইসময় তাঁর হার্ট রেট ছিল ৭০, রক্তচাপ ১৪০/৮০, সবকিছুই স্বাভাবিক ছিল।