দিল্লির ঐতিহাসিক লালকেল্লার রামলীলায় এ বার রাবণ দহনে অংশ নেবেন বলিউড অভিনেতা ববি দেওল। লবকুশ রামলীলা কমিটি জানিয়েছে, তাঁর উপস্থিতি দশেরায় নতুন চমক আনবে।

ববি দেওল
শেষ আপডেট: 29 September 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: রামলীলা থেকে সম্প্রতি বাদ পড়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। সেই নিয়ে বিস্তর আলোচনা, চর্চা, সমালোচনা শেষে ফের শিরোনামে দিল্লির রামলীলা। সূত্রের খবর, আয়োজক লব কুশ কমিটি আমন্ত্রণ জানিয়েছিল বলি অভিনেতা ববি দেওলকে। তিনি সে ডাকে সাড়া দিয়েছেন এবং দিল্লির ঐতিহাসিক লালকেল্লার রামলীলায় রাবণ দহন করবেন এবার।
কমিটির তরফে পাঠানো আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন অভিনেতা। এক ভিডিও বার্তায় ববি নিজেই উচ্ছ্বসিত হয়ে পুরোটা জানিয়েছেন। 'দিল্লি কী রামলীলা মে ইস বার ম্যায় আ রাহা হুঁ... তো মিলতে হ্যায় দশেরা পর।'
কমিটির সভাপতি অরুণ কুমার জানালেন, ববি দেওলের উপস্থিতি এ বারের উৎসবকে আরও স্মরণীয় ও জনপ্রিয় করে তুলবে।
লালকেল্লার লব কুশ কমিটির 'রামলীলা' দেশে অন্যতম বিখ্যাত। পৌরাণিক কাহিনি আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপিত হয় প্রতিবছর। লাখ লাখ দর্শক হাজির হন এই উৎসবে। গত বছর পরিচালক রোহিত শেট্টি, অজয় দেবগণ আর করিনা কাপুর "সিংঘম এগেইন" টিম মিলে হাজির ছিলেন এতে। হাতে 'গদা' আর ধনুক-বাণ নিয়ে জমকালোভাবে অংশ নিয়েছিলেন তাঁরা।
এবারও শুরু থেকেই বিভিন্ন চরিত্রে পরিচিতদের রাখার কথা ভাবা হয়েছিল। সেক্ষেত্রে শুধু পুনম পাণ্ডের ক্ষেত্রে আপত্তি ছিল এক হিন্দু সংগঠনের। আপত্তি প্রথমে না মানলেও পরে মেনে নিতে বাধ্য হয় কমিটি। এবং মন্দোদারীর চরিত্র থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।