প্রসঙ্গত, বিজেপি নেতা-অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে 'প্রজাপতি ২'র শুটিং সেরেছেন দেব। দিন কয়েক আগে দুর্গাপুরে মোদীর সফর ছিল। সেই সভায় মোদীর পাশেই দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। শুটিং শেষ করে আগেই ফিরেছেন তিনি।

শেষ আপডেট: 21 July 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: টানা দু'সপ্তাহ বিদেশে ছিলেন তিনি। 'প্রজাপতি ২'র শুটিংয়ের জন্য ছিলেন ব্যস্ত। এ দিন সকাল ১১টা নাগাদই ফ্লাইটে চেপে দেশে ফিরেছেন অভিনেতা-সাংসদ দেব অধিকারী। আর পৌঁছেই সটান হাজির হলেন ২১-এর মঞ্চে। রবিবারই দ্য ওয়াল জানিয়েছিল যদি নির্ধারিত সময়ের মধ্যে বিমান অবতরণ হয় তবে অবশ্যই সভাস্থলে হাজির থাকবেন দেব। সেই মতোই এ দিন খানিক বেলাতেই একুশের জুলাইয়ের সভাস্থলে এলেন তিনি।
পরেছিলেন কালো রঙের টি-শার্ট। চুল অবিন্যস্ত। অগোছালো চুল ঠিক করতে করতেই সমাবেশে জড়ো হওয়া দলীয় কর্মীদের দিকে হাত নেড়ে দ্রুত এগিয়ে যেতে দেখা যায় তাঁকে। তবে মন্তব্য রাখতে দেখা যায়নি সাংসদকে।
প্রসঙ্গত, বিজেপি নেতা-অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে 'প্রজাপতি ২'র শুটিং সেরেছেন দেব। দিন কয়েক আগে দুর্গাপুরে মোদীর সফর ছিল। সেই সভায় মোদীর পাশেই দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। শুটিং শেষ করে আগেই ফিরেছেন তিনি। এবার দেবও ফিরলেন দেশে, আর ফিরেই রাজনৈতিক সমাবেশে। উল্লেখ্য মাস খানেক আগেই ঘাটালে বন্যা পরিস্থিতির কারণে সাধারণের রোষের মুখে পড়তে হয়েছিল ঘাটালেন সাংসদকে। সেই সময় ঘাটাল পরিদর্শনে না গেলেও সাধারণের উদ্দেশে এক পোস্ট করতে দেখা গিয়েছিল দেবকে।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, "বিগত ১০ বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান-এর সপক্ষে সওয়াল করে এসেছি। অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। ২০২৪ সালে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং এক তৃতীয়াংশ বাজেট (৫০০ কোটি) বরাদ্দ করে। ফেব্রুয়ারি ২০২৫ সাল থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যানে ৭৮ কিমি + ৫২ কিমি নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ ,খাল কাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে। যার সময়সীমা কমপক্ষে ৪-৫ বছর।" তিনি আরও লেখেন, "ঘাটালে বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধিদের উপরেই হবে। এই দুর্যোগের সময় সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সব সময় আছে।" ২১-র মঞ্চে দেব আসবেন কিনা তা নিয়ে জল্পনা ছিলই। অবশেষে তিনি এলেন, হাত নাড়লেন, কতটা মন জয় করলেন সে উত্তর মিলবে ছাব্বিশেই।