বিনা অনুমতিতে মেয়ে দেবীর ছবি তোলায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বিপাশা বসু।
.jpeg.webp)
বিপাশা বসু
শেষ আপডেট: 22 January 2026 14:57
দ্য ওয়াল ব্যুরো: পাপারাজ্জিদের দৌরাত্ম্যে আজকাল নাজেহাল বলিউডের নায়ক-নায়িকারা। পরিবারের সঙ্গে সময় কাটানো হোক কিংবা সন্তানকে নিয়ে বাইরে বেরোনো, তারকাদের দেখা পেলেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে ‘এক্সক্লুসিভ’ ছবি আর ভিডিওর খোঁজে। আর এই অনবরত নজরদারিই অনেক সময় বিরক্তির চরম সীমায় পৌঁছে দেয় তারকাদের। সেই তালিকায় এবার যুক্ত হল বঙ্গতনয়া বলিউড অভিনেত্রী বিপাশা বসুর (Bipasha Basu) নাম।
সম্প্রতি বান্দ্রায় নিজের মেয়ে দেবীকে কোলে নিয়ে পরিবারের সঙ্গে বেরিয়েছিলেন বিপাশা। গাড়ি থেকে নামতেই বিপাশার কোলে শিশুটিকে দেখে একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। পরিস্থিতি বুঝেই মুহূর্তে বিরক্ত হয়ে পড়েন অভিনেত্রী। মেয়ের মুখ হাত দিয়ে ঢেকে ক্যামেরার সামনে আড়াল করেন তিনি। স্পষ্ট বিরক্তি প্রকাশ করে এক ফটোগ্রাফারকে উদ্দেশ করে বিপাশা বলেন, “কে আপনি?” প্রশ্ন ছুঁড়ে দিয়েই দ্রুত লিফটের দিকে এগিয়ে যান তিনি।
এই সময় তাঁর পেছনেই দেখা যায় স্বামী করণ সিং গ্রোভারকে। তিনিও ক্যামেরা এড়িয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। গোটা ঘটনাটিই মুহূর্তের মধ্যে নজরে পড়ে নেটদুনিয়ার।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও পাপারাজ্জিদের ক্যামেরার কারণে বিপাশাকে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে। তাঁর বদলে যাওয়া চেহারা নিয়ে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে তৈরি হয়েছিল ট্রোল ও মিমের বন্যা। সেই ক্ষেত্রেও পাপারাজ্জিদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
শুধু বিপাশা নন, সন্তানকে ক্যামেরা থেকে আড়াল করার অভিজ্ঞতা রয়েছে দীপিকা পাড়ুকনেরও। মেয়ে দুয়াকে নিয়ে বিমানবন্দরে যাওয়ার সময় বিনা অনুমতিতে ছবি তোলায় প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। বিপাশার সাম্প্রতিক ঘটনাই যেন সেই পুরনো বিতর্কের কথাই আবার মনে করিয়ে দিল।