বলিউড অভিনেত্রী বিপাশা বসুর ব্যক্তিগত জীবন ঘিরে নতুন বিতর্ক। স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে কেন এক ঘরে থাকেন না?

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার
শেষ আপডেট: 10 June 2025 23:29
দ্য ওয়াল ব্যুরো: একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় ও ফিটনেস আইকন ছিলেন বিপাশা বসু। কলকাতার জন্ম হলেও বেড়ে ওঠা দিল্লিতে। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে খুব অল্প সময়েই তিনি জায়গা করে নেন বলিউডের শীর্ষস্থানে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন এই 'বঙ্গতনয়া'। তাঁর বর্তমান লুকে অনেকে বেশ কিছুটা বদল লক্ষ্য করেছেন।
বিপাশা বসুকে ১৯৯৭ সালে বিনোদ খান্না তাঁর 'হিমালয় পুত্র' ছবিতে অক্ষয় খান্নার বিপরীতে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ে নিজেকে ছোট মনে করে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এমনকি জয়া বচ্চনও পুত্র অভিষেক বচ্চনের বিপরীতে তাঁকে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু সেটিও সম্ভব হয়নি।
বিপাশার বলিউডে অভিষেক হয় ২০০১ সালের 'আজনবি' ছবির মাধ্যমে, যেখানে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর 'রাজ', 'জিসম', 'নো এন্ট্রি', 'ওমকারা' এবং 'আক্রোশ'-এর মতো বেশ কিছু অপ্রচলিত ও সফল ছবিতে অভিনয় করে তিনি দ্রুতই ইন্ডাস্ট্রির শীর্ষস্থানে নিজের জায়গা করে নেন। তাঁর সৌন্দর্য ও অভিনয়ের জন্য আজ তাঁর অসংখ্য ভক্ত।
ক্যারিয়ারের পাশাপাশি বিপাশার ব্যক্তিগত জীবনও ছিল আলোচনার কেন্দ্রে। একসময় ডিনো মোরিয়া এবং জন আব্রাহামের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। শোনা যায়, ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গেও তাঁর গভীর রসায়ন ছিল। ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। ২০১৫ সালের ছবি 'অ্যালোন'-এর সেটে তাঁদের প্রথম দেখা। বর্তমানে তাঁদের একটি ফুটফুটে মেয়ে রয়েছে।
বিপাশার শেষ পূর্ণাঙ্গ ছবি ছিল ২০১৫ সালের 'অ্যালোন', যা বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর 'ওয়েলকাম টু নিউ ইয়র্ক' ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যায় তাঁকে। পরবর্তীতে তিনি 'ডেঞ্জারাস' নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেন। এই ওয়েব সিরিজটি নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন এর প্রযোজক এবং গায়ক মিকা সিং।
মিকা জানান, 'ডেঞ্জারাস' ওয়েব সিরিজের শুটিং চলাকালীন বিপাশা ও করণের আচরণে তিনি বিস্মিত হয়েছিলেন। লন্ডনে ৫০ জনের টিম নিয়ে শুটিং চলছিল, যা দু'মাসের জন্য বাড়াতে হয়েছিল। মিকা জানান, বিপাশা এবং করণ দু'টি আলাদা ঘরের দাবি করেন। বিপাশা বলেছিলেন, "আমার একটি আলাদা ঘর চাই। আমি এভাবে রাত কাটাতে পারব না।" স্বামী-স্ত্রী হয়েও কেন তাঁরা একই ঘরে থাকতে চাননি, তা নিয়ে মিকা অবাক হয়েছিলেন।