"যদি কেউ আমায় পছন্দ না করে, না করবে, আমার কোনও সমস্যা নেই। আমি দেবদূত নই যে সবাইকে আমাকে পছন্দ করতে হবে। তবে আমি খুশি যে বেশিরভাগ মানুষ আমাকে পছন্দ করে।”

গৌরব খান্না
শেষ আপডেট: 8 December 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-এর ১৯তম সিজন (Bigg Boss 19) জিতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না (Gaurav Khanna)। কিন্তু তাঁর জয়ের পরই শুরু হয়েছে নানান সমালোচনা। এমনকি গৌরবকে সালমান খানের শো-এর 'ফিক্সড উইনার' (Fixed Winner) বলেও কটাক্ষ করা হয়েছে। তবে এই সব অভিযোগ-দাবি খারিজ করেছেন অভিনেতা।
গৌরব বলেন, “এই সব অভিযোগ হল অন্যদের, আমার ওঁদের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়ার এই যুগে সবাই কী-বোর্ড যোদ্ধা। যদি কেউ আমায় পছন্দ না করে, না করবে, আমার কোনও সমস্যা নেই। আমি দেবদূত নই যে সবাইকে আমাকে পছন্দ করতে হবে। তবে আমি খুশি যে বেশিরভাগ মানুষ আমাকে পছন্দ করে।” তিনি আরও বলেন, 'যদি ১০ জনের মধ্যে ৮ জন তাঁকে পছন্দ করে, অন্য দু'জন না করে, তবে তিনি সেই দু'জনের কথা ভেবে সময় নষ্ট করতে চান না।'
‘ফেক’ হওয়ার অভিযোগকে খণ্ডন করে গৌরব (Gaurav Khanna) বলেন, “আমি যদি ফেক হই, তবে প্রতিদিন ডিজাইনার পোশাক পরতাম, মেকআপ করতাম, প্ল্যান করে খেলা খেলতাম, অশ্লীল কাজ করতাম। আমি সব কিছুই স্বাভাবিকভাবে করেছি, চপ্পল, রোজের ব্যায়াম, হাত দিয়ে ভাত খেয়েছি, ডাল মেখেছি।” তাঁর কথায়, এই সব অভ্যাস কেবল খেলার কৌশল নয় বরং দৈনন্দিন জীবনধারা।
ভোট পেতে তিনি কাউকে টাকা দেননি, একথা বলে বিজয়ীর দাবি, “আমি বিশ্বাস করি, যদি আপনি সঠিক মানুষ হন, তবে মানুষ আপনাকে বুঝবে। একজন মা, ভাই, শিশু বা বয়স্ক মানুষ যদি আমাকে পছন্দ করে, তবে সেটিই যথেষ্ট।”
বিগ বস (Bigg Boss) জিতবেন, এমনটা কি তিনি ভেবেছিলেন? এই প্রশ্নের উত্তরে গৌরব বলেন, "আমি প্রতিটি দিনকে ফাইনাল ভেবে খেলেছি। Bigg Boss হল একটা ম্যারাথন, আপনাকে প্রথম দিন থেকেই দৌড়াতে হবে, এমন নয়, মন ও মেজাজকে শান্ত করে স্থিরভাবে খেললে জয় আসবে।”
বিগবসের ফাইনালিস্ট ছিলেন আমাল মালিক (Amaal Malik), ফারহানা ভাট (Farhana Bhatt), তানিয়া মিত্তাল (Tania MIttal), প্রণীত মোরে (Pranit More), গৌরব খান্না। প্রথম তিনে গৌরবের সঙ্গে ছিলেন প্রণীত ও ফারহানা। 'টপ ৩'-তে পৌঁছে প্রণীত এলিমিনেট হয় যান। মঞ্চে বিগ বসের প্রথা বজায় রেখে ফারহানা ও গৌরবের হাত ধরেছিলেন সালমান। শেষে গৌরবের হাত তুলে তাঁকে বিজয়ী (Bigg Boss 19 Winner Gaurav Khanna) ঘোষণা করেন। ফারহানা হন ফার্স্ট রানার আপ।