রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’ ধীরে ধীরে জমে উঠছে বক্স অফিসে। মুক্তির দ্বিতীয় দিনেই ছবিটি ৯ কোটি টাকার ব্যবসা করেছে।

‘ভুল চুক মাফ’
শেষ আপডেট: 25 May 2025 10:46
দ্য ওয়াল ব্যুরো: রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’ ধীরে ধীরে জমে উঠছে বক্স অফিসে। মুক্তির দ্বিতীয় দিনেই ছবিটি ৯ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দিনে যেখানে আয় দাঁড়িয়েছিল ৭ কোটিতে, সেখানে দ্বিতীয় দিনে সংগ্রহের এই ঊর্ধ্বমুখী গতি নির্মাতাদের আশাবাদী করে তুলেছে। আশা করা হচ্ছে, রবিবার ছবির আয় আরও বাড়বে। এখনও পর্যন্ত মোট আয় ১৬ কোটি টাকা।
চেন্নাই, বেঙ্গালুরু ও জয়পুরের মতো শহরগুলোয় সন্ধ্যা ও রাতের শোতে টিকিট বিক্রি সন্তোষজনক। ছবিটির IMDb রেটিং ইতিমধ্যেই পৌঁছেছে ৮.২-এ, যা দর্শকদের মধ্যে ভাল প্রতিক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। রাজকুমার রাওয়ের সাবলীল কমেডি টাইমিং ও ওয়ামিকা গাব্বির ‘বেবি জন’ রূপে আত্মপ্রকাশ প্রশংসা কুড়োচ্ছে। এছাড়াও, সঞ্জয় মিশ্র, রঘুবীর যাদব, সীমা পাহওয়া ও জাকির হুসেনের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।
প্রাথমিকভাবে ছবিটি সরাসরি ওটিটিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, পহেলগাঁও হামলা ও ভারত-পাক উত্তেজনার প্রেক্ষিতে তৈরি হয় বিতর্ক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে মামলা করে পিভিআর, ক্ষতিপূরণ হিসাবে চাওয়া হয় ৬০ কোটি টাকা। কারণ, চুক্তি অনুযায়ী প্রেক্ষাগৃহেই ছবির মুক্তির কথা ছিল।
আইনি জট কাটিয়ে অবশেষে মুক্তি পেল ‘ভুল চুক মাফ’। পিভিআরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ঠিক হয়েছে, বড়পর্দায় মুক্তির অন্তত এক মাস পরে ছবিটি আসবে ওটিটিতে। একদিকে আইনি টানাপোড়েন, অন্যদিকে দেশের ভূরাজনৈতিক পরিস্থিতি—এই সবের মধ্যেই যে সিনেমা দর্শকদের হলমুখো করতে পারে, 'ভুল চুক মাফ' তার নিদর্শন। এখন দেখার, রবিবার বক্স অফিসে কতটা চমক দেখায় এই ছবি।