গত এক বছর অর্চনার জীবনে যে ঝড় বয়ে গিয়েছে, তা কম বেশি সকলের জানা। শুটিং চলাকালীন হাত ভেঙে যাওয়ার পর অস্ত্রোপচার, তার ওপর বিরল এই রোগের হানা, সব মিলিয়ে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই চরম পরীক্ষা দিতে হয়েছে তাঁকে।

শেষ আপডেট: 13 January 2026 17:20
দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের পর্দায় অর্চনা পূরণ সিং মানেই প্রাণখোলা হাসি। ‘কপিল শর্মা শো’-এর মঞ্চে তাঁর উপস্থিতি দর্শকের মুখে হাসি ফোটায় মুহূর্তেই। কিন্তু সেই হাসির আড়ালেই যে দীর্ঘদিন ধরে এক নীরব যন্ত্রণা লুকিয়ে ছিল, তা এবার প্রথমবার প্রকাশ্যে আনলেন তাঁর ছেলে আয়ুষ্মান শেঠি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়োতে আয়ুষ্মান জানান, তাঁর মা এক বিরল স্নায়বিক ও পেশিজনিত সমস্যায় ভুগছেন। ‘কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম’ বা সিআরপিএস নামের এই রোগের কারণে অর্চনা পূরণ সিংয়ের হাতের স্বাভাবিক কার্যক্ষমতা বেশ কিছুটা কমে গিয়েছে। ছেলের কথায়, “মায়ের হাত আর কোনওদিন আগের মতো হবে না। এই বাস্তবতাটা মেনে নেওয়াই আমাদের সবচেয়ে কঠিন লড়াই।”
গত এক বছর অর্চনার জীবনে যে ঝড় বয়ে গিয়েছে, তা কম বেশি সকলের জানা। শুটিং চলাকালীন হাত ভেঙে যাওয়ার পর অস্ত্রোপচার, তার ওপর বিরল এই রোগের হানা, সব মিলিয়ে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই চরম পরীক্ষা দিতে হয়েছে তাঁকে। তবুও সেই যন্ত্রণার মধ্যেই তিনি দু-তিনটি ছবির শুটিং শেষ করেছেন, কাজ করেছেন একটি ওয়েব সিরিজেও।
ছেলের কথায় উঠে আসে মায়ের অদম্য মানসিক শক্তির ছবি। এক মাসে টানা ৩০ দিন শুটিং করেও কখনও কোনও অভিযোগ করেননি অর্চনা। বরং ব্যথাকে আড়াল করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকেছেন হাসিমুখে। আয়ুষ্মানের মতে, অসাধারণ হওয়ার জন্য যে গভীর সহনশীলতা প্রয়োজন, তা তাঁর মা প্রতিদিন তাঁকে নতুন করে শিখিয়ে দিয়েছেন।
ষাট পেরিয়েও থেমে যাননি অর্চনা পূরণ সিং। নতুন করে শুরু করেছেন ইউটিউব চ্যানেল, হাতে নিয়েছেন একের পর এক নতুন কাজ। এই সাহস ও উদ্যমই তাঁকে আলাদা করে তোলে, বলছেন তাঁর ঘনিষ্ঠরা।
ছেলের এই আবেগভরা ভিডিয়ো দেখে অর্চনা নিজেও আর নিজেকে সামলাতে পারেননি। ইউটিউব চ্যানেলে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী। তিনি বলেন, জীবনে কেউ কখনও তাঁকে নিয়ে এমন অনুভূতির ব্যক্তি করেনি। ছেলের এই আবেগঘন বার্তায় তিনি আপ্লুত। একই সঙ্গে জানান, আয়ুষ্মান নিজের বানানো রিলেও নিজের নাম উল্লেখ করেনি—যা তাঁর কাছে আরও বেশি গর্বের।
প্রসঙ্গত, ২০২৫ সালে ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ ছবির শুটিং চলাকালীন অর্চনা পূরণ সিংয়ের কবজিতে গুরুতর চোট লাগে। অস্ত্রোপচারের জন্য তাঁকে মুম্বইয়ের ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ সময় হাতের তীব্র যন্ত্রণায় কোনও কাজ করতে না পারলেও ধীরে ধীরে আবারও কাজে ফেরার চেষ্টা করছেন তিনি। হাসির আড়ালে এই নীরব সংগ্রামের কথা অনেকেরই ছিল অজানা।