
ভাল নেই বাসন্তীদেবী।
শেষ আপডেট: 14 January 2025 13:23
নিজস্ব সংবাদদাতা: গত বছরটা ভাল যায়নি তাঁর। পেটের ক্যানসার, কিডনির সমস্যা, পেসমেকার-- লাগাতার অসুখে জর্জরিত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। এগিয়ে এসেছিলেন স্নেহাশিস চক্রবর্তী, ভাস্বর চট্টোপাধ্যায়ের মতো তারকা। বছরের শুরুতে আবারও খারাপ খবর। বাড়িতেই পড়ে গিয়ে পাঁজরের হাড় ভাঙলেন বাসন্তী চট্টোপাধ্যায়।
দ্য ওয়াল খোঁজখবর নিতে ফোন করতেই কার্যত কেঁদে ফেললেন তিনি। বললেন, "খুব ব্যথা। নড়তে পারছি না। পাঁজরের হাড় ভেঙেছে। ডাক্তাররা কীসব জল বের করেছে। পরিচারিকা মেয়েটা দেখছে। কিন্তু আমি যে আর পারছি না। সমানে ঠাকুরকে বলছি ব্যথাটা কমিয়ে দাও।"
তিনি জানান, এই মুহূর্তে 'গীতা এলএলবি'র শুটিংও বন্ধ তাঁর। তাই স্বাভাবিকভাবেউ বন্ধ উপার্জনও।
পরিজন বহু দিন ধরেই পাশে নেই এই অভিনেত্রীর। নিজের ছেলের মতো তাঁকে আগলে রেখেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এ দিন তিনিও দ্য ওয়ালকে বলেন, "থাইয়ের কাছে বেডসোর মতো হয়েছে। স্নেহাশিসদা খুব সাহায্য করছেন। কিন্তু বাসন্তীদির ওষুধ খরচ এত! কাজে যেতে না পারলেন তার তো উপার্জনও নেই। তাই যদি কেউ একটু ওঁকে অর্থসাহায্য করেন তবে ওঁর খুব উপকার হয়।" পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করে সাহায্যের আবেদন করেছেন ভাস্বর।
প্রতি মাসে কুড়ি হাজার টাকার ওষুধ খান বাসন্তী। সঙ্গে আসে মোট ৪৫০০ টাকার ইনজেকশন। থাকেন দমদমে। সেখান থেকেই দক্ষিণ কলকাতায় শুটিংয়ে আসতেন তিনি। তবে এখন আর সে ক্ষমতাও নেই তাঁর। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, আপাতত এমনটাই প্রার্থনা টলিউডে তাঁর ঘনিষ্ঠদের।