এই মামলাটি মূলত একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে। একটি ছবির জন্য রাজপাল ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে জানা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সুদ ও অন্যান্য কারণে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ১১ কোটিতে।
.jpeg.webp)
শেষ আপডেট: 13 February 2026 13:05
দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স মামলায় আপাতত স্বস্তি মিলছে না বলিউড অভিনেতা রাজপাল যাদবের (Rajupal Yadav)। তাঁর জামিনের আবেদন নিয়ে শুনানি করে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) তা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রেখেছে। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে অভিনেতাকে।
এই মামলাটি মূলত একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে। একটি ছবির জন্য রাজপাল ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে জানা যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সুদ ও অন্যান্য কারণে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ১১ কোটিতে। আদালতে অভিনেতার পক্ষের আইনজীবী ভাস্কর উপাধ্যায় দাবি করেন, রাজপাল ইতিমধ্যেই মোট টাকার অর্ধেক, অর্থাৎ ২.৫ কোটি টাকা পরিশোধ করেছেন।
আইনজীবীর কথায়, এর মধ্যে প্রায় ১ কোটি টাকা আগেই আদালতের রেজিস্ট্রিতে জমা দেওয়া হয়েছিল। এ দিন আদালতে আরও ২৫ লক্ষ টাকার একটি চেক পেশ করা হয়েছে। প্রয়োজন হলে বাকি টাকাও ধাপে ধাপে জমা দিতে প্রস্তুত রয়েছেন অভিনেতা। তিনি আরও বলেন, “এটি সম্পূর্ণ আর্থিক বিষয়। শুধুমাত্র একটি অঙ্গীকারের ভিত্তিতে কাউকে কারাবন্দি রাখা উচিত নয়। আমরা আদালতের অবস্থান পরিষ্কারভাবে বুঝতে চাই।”
শুনানির দিন আইনজীবীরা জেলে গিয়ে রাজপালের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি বলেও জানান তিনি। আগামী সোমবার আদালত কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি অর্থ জমা দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়, তবে মামলাটি মিটমাটের দিকেও এগোতে পারে।
সব মিলিয়ে, এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন রাজপাল যাদব ও তাঁর আইনজীবীরা।