নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা প্রার্থনা করেন বাদশা। সেখানে তিনি বলেন, নতুন গানটি প্রকাশের পর বিশেষ করে হরিয়ানার বহু মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে বলে তিনি জানতে পেরেছেন।

শেষ আপডেট: 8 March 2026 16:32
দ্য ওয়াল ব্যুরো: নতুন গান ঘিরে বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জনপ্রিয় র্যাপার ও গায়ক বাদশা (Badshah)। তাঁর সদ্য প্রকাশিত গান তাতেরে (Tateeree)-এর লিরিক্সে নারী ও অপ্রাপ্তবয়স্কদের নিয়ে আপত্তিকর ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ ওঠে। সমালোচনা বাড়তেই গানটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পী।
শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা প্রার্থনা করেন বাদশা। সেখানে তিনি বলেন, নতুন গানটি প্রকাশের পর বিশেষ করে হরিয়ানার বহু মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি জানান, তিনি নিজে হরিয়ানার মানুষ এবং নিজের পরিচয়ের বড় অংশই সেই রাজ্যের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে।
ভিডিও বার্তায় শিল্পী বলেন, তাঁর কখনওই উদ্দেশ্য ছিল না হরিয়ানার কোনও নারী বা শিশুকে অসম্মান করা। হিপ-হপ ঘরানার গানে অনেক সময় প্রতিদ্বন্দ্বীকে আক্রমণাত্মকভাবে উল্লেখ করা হয়—এই গানের ক্ষেত্রেও সেই ভাবনা থেকেই কিছু লাইন লেখা হয়েছিল বলে তাঁর দাবি।
তবে তাতে যদি কারও মনে আঘাত লেগে থাকে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। বাদশাহ বলেন, তিনি বরাবরই হরিয়ানার সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেটাই করবেন। একই সঙ্গে তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নিজেকে “হরিয়ানার ছেলে” হিসেবেই দেখার অনুরোধ জানান।
এদিকে অভিযোগের ভিত্তিতে শুক্রবার পুলিশ একটি এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে। অভিযোগ, সম্প্রতি প্রকাশিত মিউজিক ভিডিওটিতে আপত্তিকর কথা ও দৃশ্য ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ভিডিওটি সব সামাজিক মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার জন্যও নোটিস জারি করা হয়েছে।