
শেষ আপডেট: 6 September 2023 07:07
দ্য ওয়াল ব্যুরো: তিনি পাঞ্জাবী। তবে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘদিনের। তাঁর প্রথম ছবির পরিচালক বাঙালি, সুজিত বসু। তাঁর অন্যতম আলোচিত ছবি 'মেরি পেয়ারি বিন্দু'র প্রেক্ষাপটও কলকাতা। যে অভিনেতার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন, তিনি আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana)। বাংলার সঙ্গে আয়ুষ্মান খুরানার যোগসূত্রটা দীর্ঘদিন ধরেই যথেষ্ট নিবিড়। সম্প্রতি জানা গেছে, কলকাতার অন্যতম ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলির বায়োপিকেও অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান (Ayushman Khurana biopic)।
প্রসঙ্গত, বাংলার পাশাপাশি জাতীয় স্তরেও কিশোর কুমারের (Kishore Kumar) জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। আজও স্বর্ণযুগের সঙ্গীত শিল্পীদের মধ্যে প্রথম সারিতে উচ্চারিত হয় কিশোর কুমারের নাম। সর্বকালের সেরা হিন্দি গানের প্লেলিস্ট থেকে পুজো প্যান্ডেল, কিশোর কুমারের গানই আজও শেষ কথা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা জানান, তিনি কোনও একজন মিউজিশিয়ান অথবা কোনও এক খেলোয়াড়ের জীবনী অবলম্বনে তৈরি ছবিতে অভিনয় করতে চান। সেই সময়ে তাঁকে প্রশ্ন করা হয়, এমন কি কোনও বিশেষ গায়ক বা সুরকার আছে যাঁর চরিত্রে তিনি নিজেকে দেখতে চান? উত্তরে অভিনেতা জানান, 'কিশোর কুমারের বর্ণময় চরিত্র আমাকে অত্যন্ত আকর্ষণ করে।' কখনও সুযোগ পেলে কিশোর কুমারের চরিত্রেই তিনি নিজেকে দেখতে চান বলে জানান আয়ুষ্মান।
প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল' ছবিটির সিক্যুয়েল 'ড্রিম গার্ল ২' কিছু দিন আগে মুক্তি পেয়েছে। 'ড্রিম গার্ল' ছাড়াও এর আগে 'বধাই হো' সহ অন্যান্য বহু ছবিতে আয়ুষ্মানের কমিক টাইমিংয়ের প্রশংসা করেছেন দর্শক থেকে সমালোচকরা। অন্যদিকে কিশোর কুমারের রসবোধও রীতিমতো আলোচনার বিষয় ছিল ফিল্ম জগতে। বিভিন্ন সময়ে তাঁর করা 'প্র্যাকটিকাল জোক'গুলির গল্প আজও শোনা যায় বলিপাড়ার প্রবীণ অভিনেতা থেকে সুরকারদের মুখে। ফলে, কিশোর কুমারের চরিত্রে যে আয়ুষ্মানকেই মানাবে এ প্রসঙ্গে একপ্রকার নিশ্চিত অভিনেতা, জানালেন নিজের মুখেই।
তবে সৌরভ গাঙ্গুলীর 'বায়োপিক' নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। জানালেন, যথাসময়ে এই বিষয়ে জানানো হবে তাঁর এবং প্রোডাকশনের পক্ষ থেকে। সূত্রের খবর, ডিসেম্বরেই ফ্লোরে আসতে চলেছে কলকাতার 'মহারাজ'এর জীবনীচিত্র। সেখানে 'দাদা'র চরিত্রে দেখা যাবে আয়ুষ্মানকে। আয়ুষ্মানের অভিনয় সত্তার কথা মাথায় রেখে সৌরভ নিজেই পছন্দ করেছেন অভিনেতাকে।
ডিসেম্বরেই শুরু সৌরভের বায়োপিকের শ্যুটিং, আয়ুষ্মান খুরানা এবার 'প্রিন্স অফ ক্যালকাটা'