
রণবীর আল্লাবাদিয়া
শেষ আপডেট: 18 February 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউব শো 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ এসে করা একটি বিতর্কিত মন্তব্য যেন ওলটপালট করে দিল ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার জীবন। জনপ্রিয় ইউটিউব শো-তে অশ্লীল মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। একের পর এক মামলা দায়ের হচ্ছে তাঁর বিরুদ্ধে, ইতিমধ্যেই হারিয়েছেন প্রায় ২০ লক্ষ ফলোয়ার্স। ক্ষমা চাইলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মুম্বইয়ের মহিত খুবানি নামে এক দর্শক সাময় রাইনার শোতে উপস্থিত ছিলেন এবং তিনি জানান, রণবীর আল্লাবদিয়া বারবার প্রতিযোগীর কাছে জানতে চেয়েছিলেন, 'সরি, আপনার খারাপ লাগেনি তো?'
মহিত খুবানি জানান, পরবর্তীতে ওই প্রতিযোগী শোটি জেতেন এবং রণবীর তাঁকে মঞ্চে এসে আলিঙ্গনও করেন। তিনি বলেন, 'আমি জানি, এটি আমার সাধারণ কনটেন্ট নয়, কিন্তু আমি চেয়েছিলাম মানুষ জানুক ঠিক কি ঘটেছিল সেই পর্বে। আমি চাই না আমার প্রিয় ক্রিয়েটরদের কেউ অযথা ঘৃণার চোখে দেখুক, কারণ অনেকেই জানেন না আসলে ওই পর্বে কী হয়েছিল।'
View this post on Instagram
তিনি আরও জানান, কমেডিয়ানরা এবং প্যানেল সদস্যরা সব সময়ই কোনও ওই ধরনের মন্তব্যের পর প্রতিযোগীদের প্রশ্ন করে নিতেন যে, তার কোনও রকমভাবে খারাপ লেগেছে কিনা। সেদিনও রণবীর আল্লাবাদিয়া এবং সাময় রায়না প্রতিযোগীকে বারবার জিজ্ঞেস করেছিলেন, 'আপনার খারাপ লাগেনি তো?' মহিত বলেন, 'সাময় রাইনা তাঁকে জিজ্ঞেস করেছিলেন, 'আপনি ঠিক আছেন তো?'
কী বলেছিলেন রণবীর যা নিয়ে চারিদিকে এত বিতর্ক? সম্প্রতি ইন্ডিয়াস গট লেটেন্ট নামের একটি রোস্ট শো-তে উপস্থিত ছিলেন রণবীর। সেখানে আকাশ চঞ্চলানি, সময় রায়নারা উপস্থিত ছিলেন। এক মহিলাকে তিনি সরাসরি প্রশ্ন করে বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে। তিনি বলেন, 'তুমি কি প্রতিদিন তোমার বাবা-মায়ের যৌন সম্পর্ক দেখতে চাও, নাকি একবার তাঁদের সঙ্গে যুক্ত হয়ে তা চিরতরে বন্ধ করে দিতে চাও?'
গোটা এপিসোডের মধ্যে এই অংশটুকু ভাইরাল হয়। রণবীরের রুচি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন মানুষজন। সময় রায়না নিজে ওই প্রশ্নের পরই বলে ফেলেন, এগুলো সব পডকাস্টের রিজেক্ট হওয়া প্রশ্ন। সেই মুহূর্তে হাসির রোল উঠলেও তার খেসারত দিতে হচ্ছে রণবীর, সময়সহ ওই শোয়ে উপস্থিত অন্য ইউটিউবারদেরও।