নিজ গুনে এই বিশেষ দিনের জন্য সিমিকে সাজান ফ্যাশন লেবেল কার্লেওর প্রধান ডিজাইনার লিওন ভাজ।

সিমি গারেওয়াল
শেষ আপডেট: 20 May 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: ৭৬ বছর বয়সে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটলেন সিমি গারেওয়াল। ৭৮তম কান উৎসবে তিনি হাজির ছিলেন সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘অরণ্যের দিনরাত্রি’র বিশেষ প্রদর্শনী উপলক্ষে। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও খ্যাতনামা পরিচালক ওয়েস অ্যান্ডারসন।
সিমির কানের এই অভিষেক স্মরণীয় হয়ে রইল শুধুমাত্র বয়স, সাজগোজ বা সৌন্দর্যের জন্য নয়, বরং তাঁর দুর্দান্ত পোশাকের জন্যও। বরাবরই সাদা রঙের পোশাকের প্রতি ভালবাসা রয়েছে সিমির, আর সেই পছন্দই প্রতিফলিত হল তাঁর এই লুকেও। পরেছিলেন আইভরি বা হালকা সাদা রঙের একটি স্কার্ট, সূক্ষ্ম রেশমি সুতোর কাজ করা পোশাকে গোলাপি রঙ দিয়ে হাইলাইট করা ছিল। সঙ্গে ছিল একটি ক্যাসকেডিং বা ঝরনার মতো ঢলঢলে কাটের জ্যাকেট, যা তৈরি করা হয়েছে সিল্ক দিয়ে এবং সাজানো হয়েছে ইন্ডিয়ান মোটিফ বা নকশায়।
নিজ গুনে এই বিশেষ দিনের জন্য সিমিকে সাজান ফ্যাশন লেবেল কার্লেওর প্রধান ডিজাইনার লিওন ভাজ। ভগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লিওন বলেন, 'আমরা সিমির ভাবনা বাস্তব করে তুলেছি। এই পোশাকে ভারতের ঐতিহ্যবাহী নকশাকে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আমরাও তাই সিল্ক, দেশি নকশা, আর তাতে আধুনিক ছোঁয়া দিই।'
সিমির লুক সম্পূর্ণ হয় একটি নজরকাড়া ফুলের ডিজাইনের গলার হার, মিষ্টি ঝুলন্ত মুক্তোর কানের দুল ও বেশ কিছু মোটা আঙটি দিয়ে। ডিজাইনার জানান, অনেক সময় এমন সূক্ষ্ম পোশাকের খুঁটিনাটি চোখে পড়ে না দর্শকের। বলেন, 'যখন একটা রঙের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়, তখন নকশা ও টেক্সচারের খেলা দিয়েই তা জীবন্ত করে তুলতে হয়। আর এক্ষেত্রে এখানেই ছিল মজা—একটাই রঙের মধ্যেও বহু স্তর, বহু খুঁটিনাটি। ভালভাবে দেখলে তা বোঝা যাবে।'
সিমি গারেওয়ালের এই আত্মবিশ্বাসী ও রুচিসম্পন্ন লাল গালিচা-যাত্রা প্রমাণ করে দিল—গ্ল্যামার কিংবা স্টাইল কখনওই বয়সে আটকে থাকে না। বরং অভিজ্ঞতা, আত্মবিশ্বাস আর মনের জোরই যেকোনও বয়সে যেকোনও যাত্রার জন্য প্রয়োজন।