
শেষ আপডেট: 2 March 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: 'পবিত্র রিশতা' থেকে অভিনয়ের যাত্রা শুরু করেন। টেলিভিশনে এই সিরিয়ালই জনপ্রিয়তা এনে দেয় অঙ্কিতাকে। ওঁর বিপরীতে ছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের সঙ্গে বহু বছর প্রেম করতেন। তবে বনিবনা না হওয়ায় সম্পর্ক ভেঙে যায়।
অনেক ছোটবেলায় অভিনয় শুরু করেছিলেন অঙ্কিতা। টেলিভিশনের হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসলেও তাঁর প্রতিভায় সবার মনে জায়গা করে নেন। সম্প্রতি ২০২৩-এ বিগ বস রিয়ালিটি শো-তে গেছিলেন। সবাই ভেবেছিল যে অঙ্কিতাই বিগ বসে বিজেতা হবে। তবে শেষ পাঁচজনের মধ্যেও ছিলেন না। তার আগেই এলিমিনেট হয়ে যান।

তবে বিগ বস থেকে বেরোলেও ইতিমধ্যেই তাঁর হাতে অনেকগুলো কাজের অফার আছে। নতুন কাজ নিয়ে আলোচনার মাঝেই একটি সাক্ষাৎকারে জানান, তিনি ১৯ বছর বয়সে প্রযোজকের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পেয়েছিলেন। এখনো সেই ঘটনার কথা ভাবলে নাকি শিউরে ওঠেন অভিনেত্রী। তিনি আরও জানান, ১৮-১৯ বছর বয়স থেকেই অভিনয়ের জন্য বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণী ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। সেখানেই ঘটনাটা ঘটে। অডিশনের পরে অঙ্কিতাকে ফোন করে জানানো হয়, তিনি পাস করেছেন। তাঁকে ডেকে পাঠানো হয়।
অঙ্কিতা বলেন, ‘আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশনে পাস করেছেন। আমি তো সেটা শুনে খুবই খুশি হই। ওরা বলে যে এবার চুক্তিপত্রে সই করতে হবে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান ছবির প্রযোজক। তারপর আমাকে যা বলেছিলেন, সেগুলো নিজের মুখে বলতেও আমার কেমন যেন লাগছে। প্রযোজক বলেছিলেন, আমাকে কাজটা পেতে হলে আগে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে, তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম।’
অঙ্কিতাকে রণদীপ হুডার পরবর্তী ছবি 'বীর সাভারকর'-এ দেখা যাবে।