মৃত্যুর আগে পর্যন্ত সঙ্গীতের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন আশা ভোঁসলে (Asha Bhosle passed away)। বয়স ৯২ হলেও গান থেকে তিনি কখনও দূরে সরে যাননি। বরং শেষ দিন পর্যন্ত তিনি নতুন কাজ ও গানের প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন।

প্রয়াত আশা ভোঁসলে
শেষ আপডেট: 12 April 2026 16:45
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্রের অধ্যায়ের অবসান। কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle) আর নেই। রবিবার মুম্বইয়ের হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে (Asha Bhosle death)। শনিবার তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়ালেও পরে নাতনি জানা ভোঁসলে জানান, মূলত শারীরিক ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত মাল্টি-অর্গান ফেইলিওরের কারণে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।
মৃত্যুর আগে পর্যন্ত সঙ্গীতের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন আশা ভোঁসলে (Asha Bhosle passed away)। বয়স ৯২ হলেও গান থেকে তিনি কখনও দূরে সরে যাননি। বরং শেষ দিন পর্যন্ত তিনি নতুন কাজ ও গানের প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁর এই অদম্য সঙ্গীতপ্রেমই তাঁকে ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতের এক অমর আইকনে পরিণত করেছে।
এক পুরনো পডকাস্টে, অমৃতা রাও ও আরজে অনমলের 'Couple of Things'- এ নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন আশা ভোঁসলে। তিনি বলেছিলেন, তাঁর ইচ্ছা। “গাইতে গাইতেই যেন শেষ নিঃশ্বাস পড়ে।” তিনি আরও বলেছিলেন, গানই তাঁর জীবন, শৈশব থেকেই সঙ্গীতের সঙ্গে তাঁর পথচলা শুরু। মাত্র ৩ বছর বয়স থেকেই তিনি সঙ্গীত শেখা শুরু করেন এবং তাঁর পুরো জীবনটাই গানকে ঘিরে কেটেছে। তাঁর এই বক্তব্য আজ ভক্তদের কাছে আরও বেশি আবেগঘন হয়ে উঠেছে।
পরিবার সূত্রে জানা গেছে, শিল্পীর শেষকৃত্য আগামী সোমবার, ১৩ এপ্রিল, মুম্বইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত তাঁর মরদেহ রাখা থাকবে মুম্বইয়ের লোয়ার পারেল বাসভবনে, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর বিকেল ৪টেয় শিবাজি পার্ক শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
তাঁর শেষ যাত্রায় উপস্থিত থাকতে পারেন বলিউডের বহু তারকা, রাজনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ভারতীয় সঙ্গীতের ইতিহাসে আশা ভোঁসলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কণ্ঠ, তাঁর সুর এবং তাঁর শিল্পযাত্রা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে।