
শেষ আপডেট: 13 March 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো: রণবীর কাপুরের রাম হওয়া নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। এআইয়ের মাধ্যমে তৈরি হয়েছে রণবীরের রাম রূপের ছবিও। নিতেশ তিওয়ারির পরের ছবি ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সেই জন্য নিজের ব্যক্তিগত জীবনেও বেশ কিছু বদল এনেছেন অভিনেতা। মদ্য পান, রাত অবধি পার্টি করা বা মাছ মাংস খাওয়া, এইসবই বাদ দিয়েছেন রণবীর। একটা চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য এই পর্যায়ের ডেডিকেশন খুব কম অভিনেতারই থাকে।
তবুও রামের কথা আসলেই মনে পড়ে অরুণ গোভিলের কথা। দূরদর্শনে ওঁর অভিনীত রামায়ণ ধারাবাহিকটি শুধু দেশ নয়, তুমুল জনপ্রিয় হয়েছিল ভারতীয় উপমহাদেশেই। সেই রামায়ণ বড় পর্দায় আসতে চলেছে, তাও আবার ট্রিলজিতে। এই বিষয় অরুণ গোভিলের মতামত নিতেই হয়।

রাম হিসেবে রণবীরকে মানাবে কিনা জিজ্ঞেস করা হলে অরুণ গোভিল জানান, ‘সেটা সময় বলবে। এখন থেকেই আমি কিছু বলতে পারি না। তবে হ্যাঁ রণবীরকে যতটা চিনি সে হিসেবে মনে হয় ও খুব ভাল একজন অভিনেতা। অনেক পুরস্কার পেয়েছে। ও খুবই কালচার্ড একজন মানুষ। ভালমন্দের বিচার করার ক্ষমতা রণবীরের আছে। সেই হিসেবে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে বলে আমার ধারণা।’

রামায়ণের এই ট্রিলজিতে রণবীর ছাড়াও আছে দারুণ স্টারকাস্ট। সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ, হনুমান সানি দেওল। লঙ্কার সেট তৈরি হবে লন্ডনে। তার জন্য বরাদ্দ মাত্র ৬০ দিন। এরমধ্যেই সমস্ত শ্যুটিং সারতে হবে। ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবিটি।