
রহমান ও স্ত্রী সায়রা বানু
শেষ আপডেট: 20 November 2024 14:22
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে বলা হয় মাদ্রাজের মোজার্ট। এ আর রহমান। তিনি শুধু দেশেই নয়, তাঁর পরিচিতি এবং সম্মান বিশ্বব্যাপী। সম্প্রতি, স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন রহমান। এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রার বিচ্ছেদের খবর শুনে হতবাক অনুরাগীরা। প্রায় তিন দশক দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু।
এসবের মধ্যে, পুরনো সময়ের একটি ঘটনা উঠে এসেছে। গত বছরই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী কস্তুরী শঙ্কর একটি পোস্টে রহমান স্ত্রী সায়রাকে আক্রমণ করেন, এবং ঠিক সেই সময়ই স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন রহমান। দিয়েছিলেন যোগ্য জবাব।
কী ঘটেছিল ২০২৩-এ?
গত বছর অভিনেত্রী কস্তুরী শঙ্কর ‘ভিকাতান অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের একটি ভিডিয়ো শেয়ার করেন, তাতে দেখা যায় রহমানের পাশে রয়েছেন স্ত্রী সায়রা। সেই ভিডিয়ো পোস্ট করে রহমান স্ত্রী সায়রার তামিল ভাষায় সাবলীলতা সম্পর্কে প্রশ্ন তোলেন কস্তুরী। শুধু তা-ই নয় অভিনেত্রী সায়রার মাতৃভাষা ঠিক কী এবং তিনি বাড়িতে কোন ভাষায় কথা বলে, এ নিয়েও প্রশ্ন তোলেন। সেই সময়ে, বহু অনুরাগী রহমান এবং তাঁর স্ত্রীয়ের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং অযৌক্তিক মন্তব্য করার জন্য অভিনেত্রীর সমালোচনাও করেছিলেন।
என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? #arrahman https://t.co/WzEeMeYu59 via @FacebookWatch
— Kasturi (@KasthuriShankar) April 27, 2023
কী করেছিলেন রহমান?
এ মতো পরিস্থিতিতে কস্তুরীর টুইটের জবাবে বেশ শান্তভাবে সামাল দেন রহমান। তামিল ভাষাতেই এক মর্যাদাপূর্ণ উত্তর। রহমানের উত্তর দ্রুত সোশ্যাল মিডিয়ায় দৃষ্টিআকর্ষণ করে। সুরসম্রাটের চিন্তাশীলতার জন্য ব্যাপক প্রশংসাও অর্জন করে। তামিল ভাষায় তিনি কস্তুরীর টুইটটি, রিটুইট করে লেখেন, “কাধালুক্কু মারিয়াধাই”, যার অর্থ ‘ভালোবাসার প্রতি শ্রদ্ধা’।
காதலுக்கு மரியாதை???????? https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023
সায়রা বানু কোন ভাষায় কথা বলেন?
একটি সাক্ষাৎকারে, ‘জয় হো’ গায়ক জানান, সায়রা বানু কচ্ছ এবং ইংরেজি ভাষায় কথা বলেন। রহমান জানান, তিনি সায়রাকে ইংরেজি ভাষাতেই বিয়ের জন্য প্রপোজ করেছিলেন। সে সময়ে সায়রা বেশ রিজার্ভড ছিলেন, পরে তাঁর এই ভাবমূর্তি বদলেছে, বলেন রহমান।
বিবাহবিচ্ছেদের ঘোষণা
সেই ঘটনার প্রায় এক বছর পরে দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সায়রা বানুর আইনজীবী, বন্দনা শাহ, বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন। সম্পর্কের মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালবাসা সত্ত্বেও, তাঁদের মধ্যে ব্যবধান-দূরত্ব তৈরি হয়েছে। যা এই মুহুর্তে দু’পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তাঁরা। মিসেস সায়রা বানু বলেন, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত।
সঙ্গীত শিল্পে এ আর রহমানের অবদান অপরিসীম, যা এনেছে খ্যাতি এবং স্বীকৃতি। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সায়রা-রহমানের তিন সন্তান। কন্যা খাতিজা এবং রাহিমা এবং পুত্র এ আর আমিন। এ আর রহমানের আসন্ন কাজগুলোর মধ্যে রয়েছে ‘ছাওয়া’, ‘থাগ লাইফ’, ‘লাহোর ১৯৪৭’ এবং ‘জিনি’।