পুজো বাড়িতে আটপৌরে পরমার ভিতর এক ফ্যাশন মডেলকে আবিষ্কার করে রাহুলের চোখ। রাহুলের লেন্সে ঘরোয়া পরমা হয়ে ওঠে স্বপ্নসুন্দরী। পুজো পেরিয়ে ভাল লাগা চলে যায় পরকীয়ায়। শরীর পেরোয় আদর মিছিল।

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 2 October 2025 17:39
"রাহুল কে আর দোষ দিয়ে কি হবে? If the lady herself is willing ..."
"তা দিদির কানে খবরটা কে তুলল?"
"আহ! এসব খবর আবার কানে তুলতে লাগে নাকি। ম্যাগাজিনে ছবি বেরিয়েছে খবর কি আর চাপা থাকে!"
"পরমার শরীরটা বুঝি খুবই খারাপ হয়েছে না রে।
হবে না শাশুড়ির অত বড় একটা অসুখ গেল কম ধকল কি আর পোয়াতে হয়েছে ওকে।"
সিঁদুরখেলা নারীমুখ মানেই আজও সবার প্রথমেই মনে পড়ে 'পরমা' (Parama) সিনেমার রাখী গুলজারের (Rakhi Gulzar) কথা। এই ছবির টাইটেল কার্ড শুরু হয় বনেদি বাড়ির পুজো দিয়ে।

১৯৮৫ সাল। এক চল্লিশ পার করা নারীর উদযাপনের গল্প বলে 'পরমা'। যেখানে স্বামী অফিস ট্যুরে গিয়ে বা অফিসের কেবিনে বহুগামিতায় লিপ্ত হলে তার সতীত্বনাশ হয়না কিন্তু স্ত্রীর হয়। স্ত্রীর পরকীয়া বেআব্রু হলে নামী ম্যাগাজিনে স্ত্রীর খোলা পোশাকে ছবি বেরলে লজ্জায় মুখ ডোবে বনেদি শ্বশুরবাড়ির।
অথচ যখন পরমা প্রশ্ন করে তাঁর স্বামীকে তোমার কারো প্রতি কখনও দুর্বলতা তৈরি হয়নি?
পরস্ত্রী পরনারী মেপে নেওয়া চোখের সেই স্বামী পরমা কে 'Whore' বলে।
পরমা ছবির শেষে বলেছিল "আমার তো কোনও অপরাধবোধ নেই।"
তাতেই চটে যায় সমগ্র বঙ্গ সমাজ। এক বিতর্কিত আলোড়িত ছবি ছিল অপর্ণা সেনের (Aparna Sen) 'পরমা। তখন বাসে ট্রামে সর্বত্র 'পরমা' নিয়ে আলোচনা।

বর্ধিষ্ণু বনেদি বাড়ির বউ পরমা। তাকে কেউ ডাকে বৌমা, কেউ কাকিমা, কেউ মা, কেউ বা 'ওগো শুনছ'! কিন্তু তার নিজের নাম পরমা-ই যেন হারিয়ে গিয়েছে। বনেদি বাড়ির দুর্গা পুজোর সব দায়িত্ব পরমার উপর। শাশুড়িকে ওষুধ খাওয়ানো থেকে বড় তরফের জ্যাঠাই মা এলে দেখাশোনা করা। পরমার নামভূমিকায় রাখী গুলজার।

এই পুজো বাড়িতেই আসে নামী ফটোগ্রাফার রাহুল (মুকুল শর্মা)। রীতিমতো সেলেব ফটোগ্রাফার সে। রাহুল হল পরমার ভাসুরপোর বন্ধু। পুজো বাড়িতে আটপৌরে পরমার ভিতর এক ফ্যাশন মডেলকে আবিষ্কার করে রাহুলের চোখ। রাহুলের লেন্সে ঘরোয়া পরমা হয়ে ওঠে স্বপ্নসুন্দরী। পুজো পেরিয়ে ভাল লাগা চলে যায় পরকীয়ায়। শরীর পেরোয় আদর মিছিল। বয়সে বড় মহিলার সঙ্গে সম্পর্ক কোনও বাধা তৈরি করে না। বহেমিয়ান রাহুল সত্যি কী পরমাকে ভালবেসেছিল? পরমা কিন্তু রাহুলের সঙ্গে মিশে নিজের আইডেন্টিটি নতুন করে আবিষ্কার করে। যা এতদিন মা,বৌমা, বৌ পরিচয়ে পরমা খুঁজে পায়নি। রাহুলের মুখে শোনা বিদেশের গল্প শুনেশুনে চোখ খুলে যায় পরমার। কী ভাবে শেষ হয় এই পরকীয়ার? আজও পরমা মানেই রাখী গুলজার আর রাখী মানেই পরমা। রাখীর জীবনে শ্রেষ্ঠ চরিত্র।

এক বাড়ির বনেদি বউ, এক মাকে বয়সে ছোট পরপুরুষের সঙ্গে শয্যায় পাঠানো কম কথা নয়। যা ঐ সময়ে করে দেখান অপর্ণা সেন। বয়স আর সামাজিক স্টেটাস কী প্রেমের বাধা হতে পারে!
হাজারও প্রশ্নবান সমালোচনার মুখোমুখি হতে হয় অপর্ণা সেনকে। যে বিপ্লব চলচ্চিত্রে ঘটান পরিচালক অপর্ণা তা সমাজের সর্বস্তরের মানুষ সে যুগে মেনে নেয়নি।
নারী স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা?
পরমা এক গৃহবধূর সংসারের বাইরে পা ফেলার গল্প। তারও যে পরকীয়া হতে পারে তিন সন্তানের মায়েরও যে প্রেমপত্র আসতে পারে তা ভাবতেই পারে না তাঁর পরিবারের লোক। যা সামাজিক আলোড়ন তৈরি করে।
চিদানন্দ দাশগুপ্তকে এক সম্ভ্রান্ত মহিলা চেপে ধরে বলেছিলেন "পরমার অপরাধবোধ নেই মানে অপরাধবোধ থাকতে হবে।"
চিদানন্দ বলেছিলেন "ছবিটা তো আমি বানায়নি আমার মেয়ে বানিয়েছে। আমি ফোন নং দিয়ে দিচ্ছি আপনি কথা বলুন।"
'পরমা' ছবির শো ভাঙার পর বহু পুরুষরা হলের সামনে বলেছিলেন "এ কি স্বেচ্ছাচারিতা? নারীমুক্তি নারীবাদ মানে কি পরকীয়া। "
কিন্তু সেদিন সিনেমা দেখে বেরোনো তিন জন খুব বয়স্কা মহিলা অপর্ণা সেন কে আশীর্বাদ করে বলেছিলেন "বেঁচে থাকো মা"।