.jpg)
অপর্ণা সেন ও কঙ্কনা সেনশর্মা
শেষ আপডেট: 2 January 2025 18:16
সে সময় টেলিভিশনের হাজারও চ্যানেলের বাড়বাড়ন্ত ছিল না। রামানন্দ সাগরের 'রামায়ণ' বা পরবর্তীতে 'মহাভারত' দেখা ছিল উৎসবের শামিল। গোটা পরিবার তো বটেই পাড়াপড়শিরাও ভিড় জমাতেন ড্রয়িংরুমে। কথা হচ্ছে আটের দশকের।
তবে জানেন কি এই রামায়ণ-মহাভারত দেখা থেকেই বিরত থাকতে হয়েছিল অভিনেত্রী কঙ্কনা সেনশর্মাকে। নেপথ্যে তাঁর মা অপর্ণা সেন। তাঁর নির্দেশেই ছোটবেলাতে ওই দুই মহাকাব্য ধারাবাহিকের আকারে দেখা নিষেধ ছিল তাঁর। কিন্তু কেন? সাক্ষাৎকারে সেই ব্যাখ্যাই দিয়েছেন কঙ্কনা।
তাঁর কথায়, "আসলে মা বলতে, সিরিয়ালের ভার্সন দেখার আগে ওই দুই মহাকাব্য আগে আমাদের পড়া উচিৎ। মা মনে করতেন অন্যের কল্পনার নিরিখে আমরা যেন রামায়ণ ও মহাভারতকে না চিনি। মা বারেবারে বলতেন, নিজের কল্পনাশক্তিকে ব্যবহার করেই আমরা যেন ওই দুই মহাকাব্যকে আপন করে নিই।"
শুধু রামায়ণ-মহাভারতই নয়, নিষেধাজ্ঞা ছিল মূলধারার হিন্দি অথবা বাংলা ছবি দেখবার ক্ষেত্রেও। মার্কিনী সোপ অপরা যেমন 'বোল্ড অ্যান্ড বিউটিফুল', 'সান্টা বারবার' মতো ছবিও দেখা বারণ ছিল কঙ্কনার।
একটা সময় নিজেকে শুধুমাত্র ভারতীয় সাহিত্যের গণ্ডিতে আটকে রেখেছিলেন কঙ্কনা। কিন্তু মায়ের উৎসাহে আন্তর্জাতিক বই পড়া শুরু করেন। বাধ্য মেয়ে ছিলেন তিনি। মায়ের কথা মেনে চলতেন অক্ষরে অক্ষরে। ২০১০ সালে রণবীর শোরেকে বিয়ে করেন কঙ্কনা। তাঁদের এক সন্তানও রয়েছে। ছেলেকেও মায়ের দেওয়া শিক্ষাতেই বড় করছেন কঙ্কনা। রণবীরের সঙ্গে যদিও আজ তাঁর আর সম্পর্ক নেই। বিচ্ছেদ হয়েছে বছর চারেক আগেই। তবে ছেলের জন্য আজও যোগাযোগ রয়েছে তাঁদের। পরিচালক কঙ্কনার ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে রণবীর শোরেকে।