সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’-এ মূলত কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে সেই পরিকল্পনা ভেস্তে যায় পরিচালক ও অভিনেত্রীর মধ্যে মতবিরোধের কারণে।

দীপিকা পাড়ুকোন ও অনুরাগ বসু
শেষ আপডেট: 9 July 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’-এ মূলত কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। তবে সেই পরিকল্পনা ভেস্তে যায় পরিচালক ও অভিনেত্রীর মধ্যে মতবিরোধের কারণে। সূত্রের খবর, দীপিকা চেয়েছিলেন নির্দিষ্ট সময়—দিনে ৮ ঘণ্টার বেশি কাজ না করতে। পাশাপাশি তাঁর পারিশ্রমিক নিয়েও ছিল আলাদা দাবি। এই শর্তে সায় না দিয়ে শেষমেশ দীপিকাকে বাদ দেন পরিচালক।
এই প্রসঙ্গ ঘিরে বলিউড ও টলিউডে তৈরি হয়েছে মতবিরোধ। কেউ বলেছেন, ছবির স্বার্থে কখনও কখনও অতিরিক্ত সময় কাজ করতেই হয়। আবার কেউ দীপিকার সিদ্ধান্তকে সাহসী বলে প্রশংসা করেছেন।
এবার দীপিকার হয়ে মুখ খুললেন ‘মেট্রো... ইন দিনো’-র পরিচালক অনুরাগ বসু। তাঁর বক্তব্য, “আমি নিজেও লম্বা সময় ধরে কাজ করতে পছন্দ করি না। আমার সেটে যারা থাকেন, তাঁদের উপর কোনও চাপ থাকে না। আমরা সবাই একসঙ্গে কাজ করি, তাই সবার কথা মাথায় রাখতে হয়।”
তিনি আরও যোগ করেন, “আমি চাই অভিনেতারা মানসিকভাবে ফুরফুরে থাকুক। মানসিক চাপ থাকলে অভিনয়ে তার ছাপ পড়ে। আমি কখনও আগে থেকে চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দিই না, বরং তারা সেটে এসে চরিত্রটাকে অনুভব করে, আবিষ্কার করে। বহু বছর ধরে এই পদ্ধতিই অনুসরণ করছি।”
প্রসঙ্গত, অনুরাগ বসুর ‘লাইফ ইন আ মেট্রো’ (২০০৭) ছিল সমালোচকদের প্রশংসিত একটি কাজ। সেই ছবির সিকুয়েল ‘মেট্রো... ইন দিনো’ মুক্তি পেয়েছে ১৯ বছর পর। এতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেন শর্মা, সারা আলি খান, অনুপম খের, নীনা গুপ্তা, আলি ফজল ও ফাতিমা সানা শেখ। ইতিমধ্যেই ছবিটি মাত্র ৫ দিনে ২২.১৫ কোটি টাকার ব্যবসা করেছে।