
শেষ আপডেট: 1 September 2023 10:00
দ্য ওয়াল ব্যুরো: ‘গদর ২’ (Gadar 2)-কে এবার অস্কারে (Oscars) পাঠানোর তোড়জোড় শুরু করলেন পরিচালক অনিল শর্মা (Anil Sharma)। গোটা দেশে বক্স অফিসে রাজত্ব করার পর এবার সিনেমাটিকে বিশ্বের দরবারে তুলে ধরতে মরিয়া পরিচালক। অনিল শর্মা জানিয়েছেন, বহু ভক্তই তাঁকে এই সিনেমাটিকে অস্কারে পাঠানোর অনুরোধ করেছেন। একইসঙ্গে তাঁর দাবি, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর: এক প্রেম কথা’-রও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যাওয়ার যোগ্যতা ছিল এবং সিনেমাটির অস্কার প্রাপ্য ছিল।
এই সিনেমা দিয়েই বহুবছর পর রাজকীয় কামব্যাক করলেন সানি দেওল। পাশাপাশি আমিশা প্যাটেল ও উৎকর্ষ শর্মাও যোগ্য সঙ্গত দিয়েছেন। বক্স অফিসের নিরিখে ছবিটি এবছরে এখনও অবধি বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ- ‘পাঠান’-এর পরেই। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ও পিরিয়ড ড্রামা- এই দু’টি জঁরই চেটেপুটে খায় সাধারণ দর্শক। আর ‘গদর ২’-এ এই দু’টোই একসঙ্গে মিলেছে। ফলত মানুষও সিনেমাহলে ভিড় করে সানি দেওলের ছবি দেখেছেন।
এই নিয়েই এবার মুখ খুলেছেন পরিচালক অনিল শর্মা। তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, “দর্শকরা সিনেমা দেখেই আমায় নিজেদের মতামত জানাচ্ছেন। তাঁরা একাধিকবার আমায় বলছেন ছবিটি যেন অস্কারে পাঠানো হয়। কারণ, এই সিনেমা অস্কার পাওয়ার যোগ্য দাবিদার। আমরা ‘গদর: এক প্রেম কথা’ অস্কারে পাঠাইনি। তবে ‘গদর ২’ নিশ্চয়ই পাঠাবো। সিনেমাটির এটা প্রাপ্য। প্রথম পার্টটিরও অস্কার প্রাপ্য ছিল। উল্লেখ্য, যে বছর ‘গদর: এক প্রেম কথা’ মুক্তি পেয়েছিল, সেই একই বছরে আমির খানের ‘লগান’ও মুক্তি পায়। এবং ওই ছবিটিই সেবছর বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ সিনেমা হিসাবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছিল।