
শেষ আপডেট: 8 September 2023 15:42
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের (SRK) ‘জওয়ান’। মাত্র একদিনেই বিশ্বজুড়ে ১২৯.৬ কোটি টাকা আয় করে ফেলেছে সেই ছবি। ৪ বছর পর সিনেমাজগতে ফিরে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছেন অভিনেতা। দেশে তো বটেই, মুক্তির আগে শাহরুখের এই ‘জওয়ান’ নিয়ে বিদেশের মাটিতেও তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে। ৫৮ বছর বয়সে এসে শাহরুখ যেভাবে রুপোলি পর্দায় খেল দেখাচ্ছেন, তা দেখে অবাক অনেকেই। তাই শাহরুখকে এবার ‘দেশের সম্পদ’ (Natural Resource) হিসেবে ঘোষণা করার দাবি জানালেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)।
এবার ছবি মুক্তির পর ফের বাদশাকে নিয়ে তাঁর পোস্ট নজর কাড়ল নেটিজেনদের। গত সপ্তাহে বিশ্বের উচ্চতম বহুতল দুবাইয়ের বুর্জ খালিফায় ছবিটির ট্রেলার প্রদর্শিত হয়েছিল। সেই ভিডিও শেয়ার করেই এদিন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা লেখেন, “প্রত্যেক দেশ তাদের জাতীয় বা প্রাকৃতিক সম্পদকে আগলে রাখে। আমার মনে হয় এবার ভারতবর্ষেরও শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণা করার সময় হয়ে গিয়েছে।”
আনন্দ মাহিন্দ্রার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তাঁর এই দাবিকে বোকা বোকা বলে কটাক্ষ করলেও অধিকাংশই সমর্থন জানিয়েছেন। এদিকে শিল্পপতির এই পোস্টের পাল্টা শাহরুখ লেখেন, “ধন্যবাদ স্যার। সিনেমা বানিয়ে দেশকে গর্বিত করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি আশা করছি, প্রাকৃতিক সম্পদ একদিন ফুরিয়ে গেলেও আমি কখনও ফুরিয়ে যাব না।” শাহরুখের এই আত্মবিশ্বাস যে ঠুনকো নয়, তা তাঁর ছবির বক্স অফিস কালেকশনের দিকে নজর রাখলেই বোঝা যাবে। প্রথমদিনের আয়ে ইতিমধ্যে নিজের আগের ছবি ‘পাঠান’-এর রেকর্ড ভেঙেছেন। এখন দেখার ‘জওয়ান’ আর নতুন কী কী মাইলস্টোন ছোঁবে।
একটা সুযোগ দিন স্যার, ‘জওয়ান’ হিট হতেই রাজামৌলির কাছে আবদার শাহরুখের