কেবিসি-র ১৭তম সিজনে অমিতাভ বচ্চন স্মৃতিমাখা গল্প শেয়ার করলেন। কলেজ শেষের পর প্রথমবার বাবা-মাকে দিল্লির বড় রেস্তোরাঁয় নিয়ে যাওয়ার স্মৃতি ও পরিবারের সঙ্গে শুটিংয়ের মজার অভিজ্ঞতা জানালেন তিনি।

অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 13 August 2025 14:25
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৭তম সিজন শুরু হলো সোমবার, ১১ আগস্ট থেকে। জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন এই সিজন নিয়ে ফিরে এসেছেন। শো-এর প্রথম দিনেই তিনি প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের জীবনের নানা পুরোনো স্মৃতি এবং গল্প তুলে ধরেন। নতুন সিজনের শুরুতেই অমিতাভ জানান, ২৫ বছর আগে যখন প্রথম 'কৌন বনেগা ক্রোড়পতি' শুরু হয়েছিল, তখন শো-এর টিম কতটা চিন্তিত ছিল।
প্রথম প্রতিযোগী বিজয় তাঁর বাবা-মাকে গর্বিত করার মুহূর্তের কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চনও নিজের জীবনের একটি ঘটনার কথা বলেন। বিজয় তাঁর মা-কে নিয়ে শো-তে এসেছিলেন। বিজয় জানান যে তাঁর বাবা একজন দিনমজুর, এবং তিনি এই শো-তে এসেছেন যাতে জিতে বাবা-মাকে একটি বড় বাড়ি উপহার দিতে পারেন। অমিতাভ তখন বিজয়কে এমন একটি মুহূর্তের কথা জিজ্ঞেস করেন যখন সে তাঁর বাবা-মাকে সবচেয়ে বেশি গর্বিত করেছিল।
বিজয় জানান যে গত বছর তিনি তাঁর বাবা-মাকে একটি রেস্তরাঁয় ডিনারে নিয়ে গিয়েছিলেন এবং তাঁদের বলেছিলেন মেনু কার্ডের দাম না দেখে যা খুশি অর্ডার করতে। এই ঘটনা শুনে অমিতাভ বচ্চনও নিজের জীবনের একটি অভিজ্ঞতার কথা বলেন। তিনি জানান, যখন তিনি সবেমাত্র উপার্জন শুরু করেছিলেন, তখন তিনি তাঁর বাবা-মাকে দিল্লির একটি রেস্তরাঁয় নিয়ে গিয়েছিলেন।
অমিতাভ বলেন, 'এই যে মানুষটি আপনাদের সামনে বসে আছে, তারও এমন একটা দিন ছিল যখন সে প্রথমবার কোনো রেস্তোরাঁয় গিয়েছিল। দিল্লিতে মতি মহল বলে একটি খুব ভাল রেস্তরাঁ আছে, আমি কলেজ শেষ করার পর প্রথমবার সেখানে যাই আমার বাবা-মাকে নিয়ে। আজও আমি সেই দিনটার কথা ভুলিনি, যেমনটা তুমিও ভোলনি। তখন আমি অল্প রোজগার করা শুরু করেছিলাম, তাই তাদের সেখানে নিয়ে গিয়েছিলাম।'
তিনি আরও বলেন, 'অল্প রোজগার শুরু হয়ে গিয়েছিল, তাই তাদের নিয়ে গিয়েছিলাম। খুব ভয় লাগছিল, কারণ এটা একটা বড় রেস্তোরাঁ, যেখানে বড় লোকেরা যায়। আমাদের মতো সাধারণ মানুষের সেখানে যাওয়া কঠিন। আমরা গেলে লোকে কেমনভাবে দেখবে, কী পোশাক পরেছি, কী খাব— এই সব ভাবনা মাথায় আসছিল। তাই আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারি।'
অমিতাভ বচ্চন আরও একটি মজার ঘটনার কথা বলেন। 'কভি কভি' ছবির শুটিংয়ের সময় তাঁর বাবা-মা শ্রীনগরে তাঁর সঙ্গে ছিলেন। অমিতাভ জানান, 'আমার পরিবার আউটডোর শুটে আমার সঙ্গে থাকত, তাই বাবা-মাও সঙ্গে ছিলেন। যশজি (যশ চোপড়া) তাঁদেরকেও একটি দৃশ্যে বসতে বললেন। তাই তাঁরা শশীজির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।'