
শেষ আপডেট: 12 February 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো: নীতীশ তিওয়ারির রামায়ণ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। রোজ কিছু না কিছু খবর দর্শকদের অপেক্ষা আরও বাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যে জানা গেছে রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখা যাবে। সাই পল্লবী হবেন সীতা। যশ রাবণ, সানি দেওল হনুমান এবং লারা দত্তকে দেখা যাবে কৈকেয়ী চরিত্রে। রাকুল প্রীত সিং হবেন শূর্পণখা।
এবার আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে এই ছবিতে যোগ দিতে চলেছেন অমিতাভ বচ্চন। তাঁকে দেখা যাবে রাজা দশরথের ভূমিকায়।
এর আগেও সঞ্জয় খানের ‘দ্য লেজেন্ড অব রাম’ ছবিতে দশরথের চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল বিগ-বিকে। হৃতিক রোশনকে সেখানে রামের চরিত্রে এবং জায়েদ খানকে লক্ষ্মণের চরিত্রে দেখতে পাওয়ার কথা ছিল।

নীতীশ তিওয়ারির রামায়ণ ছবিটির শুটিং ২০২৪ সালের মার্চ থেকে শুরু হবে। তবে শুটিং শুরুর আগে ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। এই ছবিটি ২০২৫ সালের দীপাবলির সময় মুক্তি পেতে পারে বলে সূত্রের খবর।
নীতীশের এই ছবি ভারতের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে বলে সবার ধারণা। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট, সব দিক থেকেই বেশ বড় ভাবেই কাজ এগনো হবে। মার্চ মাস থেকেই শুরু হবে শুটিং। মুম্বই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং হবে বলে সূত্রের খবর। তবে বেশিরভাগ শুটই হবে মুম্বইতে। তার পর লন্ডন পাড়ি দেবে গোটা টিম।
কিছুদিন আগেই অযোধ্যার রাম মন্দিরে দেখা যায় সিনিয়র বচ্চনকে। তিনি ও অভিষেক বচ্চন এর উদ্বোধনেও উপস্থিত ছিলেন