
অমিতাভ বচ্চন, কেবিসি ১৬
শেষ আপডেট: 16 April 2024 18:23
দ্য ওয়াল ব্যুরো: 'দেবী অউর সজ্জনো, আপ সাবকা সোয়াগাত হ্যায় কৌন বানেগা ক্রোড়পতিপে', এই সংলাপের সঙ্গে জড়িয়ে আছে কয়েক কোটি মানুষের আবেগ। সেই আবেগ আবার ফিরছে। তুমুল জনপ্রিয় টেলিভিশন কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' সিজন ১৬ আসছে, এমনটাই জানা গেল সোনি টিভির একটি ইন্সটাগ্রাম পোস্ট দেখে। একটা দারুণ প্রোমো ভিডিও সহ এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে সনি টিভি কর্তৃপক্ষ।
সোনি টিভির অফিশিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে আগের সিজন শেষ হওয়ার সময় অমিতাভ বচ্চনের বলা কিছু কথাও রয়েছে। যেখানে বিগ বি আবেগঘন গলায় বলছেন, 'কাল থেকে আর এই মঞ্চে আসব না এটা আমার কাছের মানুষদের বলতে ইচ্ছে করছে না। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। তাই আজ এই মঞ্চ থেকে আমি শেষবারের মতো বলছি শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।'
View this post on Instagram
এবার আবার সেই গলাতেই ফিরে এল আগমনীর বার্তা। ভিডিওতে দেখা যাচ্ছে কেবিসির আগের সিজনের নানা মুহূর্ত। নেপথ্যের কণ্ঠস্বর জানায়, 'প্রত্যেক শুরুরই একটা শেষ থাকে। কিন্তু কাছের মানুষের ভালবাসা যখন অন্তহীন তখন সব শেষ হয়ে যাওয়ার পরও শুভ সূচনাও অনিবার্য।' এরপরই আবেগে ভাসিয়ে দেওয়া সেই গলার স্বর। বিগ বি বলছেন, 'আপনাদের ভালবাসার টান যখন এতটাই বেশি, তাহলে আরও একবার ফিরে আসতেই হবে।' ২৬ এপ্রিল থেকে সোনি টিভিতে আসতে চলেছে কেবিসি ১৬। ভিডিওটির ক্যাপশনে লেখা, 'আপনাদের ভালবাসার টানে আবার ফিরে এলাম আমরা'। ২৬ এপ্রিল রাত ৯ টা থেকে শুরু হয়ে যাবে কেবিসি রেজিস্ট্রেশন।
২০০০ সালে যখন প্রথম সম্প্রচারিত হয় কেবিসি তখন থেকেই হট সিটে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। যদিও মাঝে ২০০৬ সালের তৃতীয় সিজনটি সঞ্চালনা করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বিগ বি-কে এরপরে বড় পর্দায় দেখা যাবে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি সাই ফাই অ্যাকশন থ্রিলার ছবি 'কলকি ২৮৯৮ এডি'-তে। এই ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালের ৯ মে। এছাড়াও তাঁর হাতে রয়েছে 'সেকশন ৮৪' নামের একটি কোর্টরুম ড্রামা ফিল্ম।