
অমিতাভ বচ্চন
শেষ আপডেট: 11 May 2025 12:48
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২০ দিন এক্স-এ (সাবেক টুইটার) কোনও বার্তা দেননি অমিতাভ বচ্চন। একের পর এক ফাঁকা পোস্ট করে রেখে গিয়েছিলেন ধোঁয়াশা। রবিবার সকালে সেই নীরবতা ভেঙে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দীর্ঘ আবেগঘন পোস্ট করলেন তিনি। কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হানার পর ভারতীয় সেনার ‘প্রিসিশন স্ট্রাইক’-কে সমর্থন জানালেন তিনি। সঙ্গে ছিল বাবা হরিবংশ রাই বচ্চনের বিখ্যাত কবিতার অংশ, যা 'অগ্নিপথ' ছবিতেও ব্যবহার করা হয়েছিল।
পহেলগাম হামলার (২২ এপ্রিল) বিবরণ দিয়ে বিগ বি লেখেন, ''স্ত্রী চোখের সামনে স্বামীকে গুলিতে ঝাঁঝরা হতে দেখেছিলেন।'' সেই নারীর আর্তনাদ আর একজন স্ত্রীর শোকাতুর হৃদয়ের বেদনা তুলে ধরেছেন অমিতাভ। তাঁর কলমে উঠে এসেছে সেই নারীর অসহায় আর্তি, "আমার স্বামীকে মেরো না!" কিন্তু জঙ্গি তাঁর কানেই তোলেনি। শেষে জবাব দেয়, “তুমি গিয়ে বলো .... কে!”
এই বেদনার মুহূর্তেই অমিতাভের মনে পড়ে যায় বাবার লেখা সেই কবিতা—
"হাথ মে শ্মশান কি রাখ,
ফির ভি দুনিয়া কহতি হ্যায় — মাং মে সিঁদুর ভরো!"
অউর ওহ সিঁদুর দিয়া ভারত নে — অপারেশন সিঁদুর!"
পোস্টের শেষে লেখেন, “জয় হিন্দ। জয় হিন্দের সেনা। থামবে না, ফিরবে না, মাথা নত করবে না— এই শপথ, এই অগ্নিপথ!”
এটাই প্রথমবার নয়, এর আগে বহুবার বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ঘটনার প্রতিক্রিয়ায় কবিতার মাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন অমিতাভ। এবার ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি তাঁর প্রকাশ্য সমর্থনে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান, যাঁদের মধ্যে অধিকাংশ ছিলেন পর্যটক। এর জবাবে ৭ মে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। অমিতাভ বচ্চনের এই পোস্টের মাধ্যমে তিনি একত্রিত হলেন আমির খান, সইফ আলি খান, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কপূর, কঙ্গনা রানাউত, রজনীকান্ত, মম্মুটি, ইমরান হাশমি-সহ আরও বহু সেলিব্রিটির সঙ্গে, যাঁরা জঙ্গি হামলার নিন্দা করে সরকারের পাল্টা পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
একইসঙ্গে, শনিবার সন্ধ্যায় ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানান, দুই দেশের সেনাপ্রধানদের মধ্যে আলোচনা শেষে স্থল, জল ও আকাশপথে সামরিক অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে রাত ৮টার মধ্যে পাকিস্তান সেই চুক্তি ভঙ্গ করে। যদিও পরে শেলিং ও ড্রোন হামলা থেমে যায়।