বাবার প্রতি আবেগপ্রবণ এবং শ্রদ্ধাশীল অমিতাভ হঠাৎ এমন করতে বাধ্য হয়েছিলেন কেন, কী এমন হয়েছিল (Amitabh Bachchan Harivansh Rai Bachchan story)?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 9 December 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: বাবা হরিবংশ রাই বচ্চন (Harivansh Rai Bachchan)-কে নিয়ে ভীষণ আবেগপ্রবণ এবং শ্রদ্ধাশীল অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), সেই কথা কারও অজানা নয়। 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC)–র মঞ্চে পেশাদার সঞ্চালক অমিতাভ মাঝে মাঝেই দর্শকদের সঙ্গে তাঁর জীবনের কিছু কিছু কথা ভাগ করে নেন। একবার তিনি বাবার সঙ্গে তাঁর সম্পর্কের এমন এক তথ্য শেয়ার করেন, যা শুনে প্রথমে একটু চমকে গেলেও পরে হাসিতে ভরে ওঠে সেই মঞ্চ।
সেই রিয়্যালিটি শোয়ে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা আমির খান (Aamir Khan)। সেই আড্ডাতেই (KBC Aamir Khan episode) উঠে আসে এক পুরনো স্মৃতি - জীবনে মাত্র একবার তিনি তাঁর বাবা, কিংবদন্তি কবি হরিবংশ রাই বচ্চন (Harivansh Rai Bachchan)–র উদ্দেশে গলা তুলে কথা বলেছিলেন। বাবার প্রতি আবেগপ্রবণ এবং শ্রদ্ধাশীল অমিতাভ হঠাৎ এমন করতে বাধ্য হয়েছিলেন কেন, কী এমন হয়েছিল (Amitabh Bachchan Harivansh Rai Bachchan story)? সেটাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা।
অমিতাভ জানান, বহু বছর আগে এক আবেগঘন মুহূর্তে হতাশ এবং বিরক্ত হয়ে তিনি বাবাকে জিজ্ঞাসা করে বসেছিলেন, “হুমেঁ আপনে পয়দা কিউঁ কিয়া?” (আপনি আমাকে জন্ম দিয়েছেন কেন?)
সেই মুহূর্তে তাঁর বাবা একটিও কথা বলেননি - কোনও উত্তর নয়, কোনও প্রতিক্রিয়াও নয়। পরের দিন ভোরবেলা, প্রতিদিনের মতোই ৪–৫টার সময় হাঁটতে বেরিয়ে যান তিনি। অমিতাভ যখন ঘুম থেকে ওঠেন, দেখেন তাঁর বালিশের পাশে একটি ভাঁজ করা কাগজ। তাতে তাঁর জন্য লেখা একটি কবিতা - আগের রাতে ছেলের করা সেই প্রশ্নের বুদ্ধিদীপ্ত, কৌতুকভরা এক উত্তর দিয়েছিলেন বাবা।
তিনি বলেন, “দেখি বালিশের পাশে একখানা কাগজ রাখা। বাবা একটা কবিতা লিখে রেখে গিয়েছেন। সেই কবিতার শিরোনাম ছিল - ‘নয়ি লিক’ (Harivansh Rai poem Nayi Leek)।” যার অর্থ কিছুটা হতে পারে, ''নতুন ভাবনা''।
কবিতার এক অংশ ছিল, “জিন্দগি আউর জমানে কি কশমকশ সে ঘাবড়াকার মেরে লড়কে মুঝসে পুঁছতে হ্যায়, হুমেঁ পয়দা কিউঁ কিয়া থা? তুম হি নয়ি লিক ধারনা, আপনে বেটো সে পুছকর উনহেঁ পয়দা করনা।” অর্থাৎ, “জীবন আর যুগের এই সময়ের টানাপড়েনে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে জন্ম কেন দিয়েছ? তুমি বরং এক নতুন ভাবনা শুরু করো, তোমার ছেলেদের জিজ্ঞেস করে তবেই তাদের জন্ম দিও।”
২০০৮ সালের ব্লগে অমিতাভ তাঁর এই প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছিলেন
২০০৮ সালের জুন মাসে নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, স্কুল শেষ করে কলেজে ঢোকার পর যে স্বাধীনতার অনুভূতি আসে, সেই অস্থিরতা থেকেই নাকি তাঁর মনে সেই প্রশ্ন জেগেছিল। বোর্ডিং স্কুলের সুরক্ষিত আবহের পর হঠাৎ এক 'জটিল পৃথিবী'-র মুখোমুখি হয়েছিলেন তিনি।
তিনি লেখেন, “আগে যেখানে আপনাকে বলে দেওয়া হতো যে কী করতে হবে, কলেজে এসে আপনি অন্যদের বলতে শুরু করেন কী করা উচিত। রাতারাতি মনে হয় আপনি মানবতার রক্ষক হয়ে গিয়েছেন, আদর্শবাদী ও অনাদর্শবাদী হাজারো মতামত রয়েছে।”
ভারতের কবিতার দিগন্তের এক উজ্জ্বল নাম হরিবংশ রাই বচ্চন
মধুশালা (Madhushala)–সহ বহু কালজয়ী কবিতা সৃষ্টি করেছেন হরিবংশ রাই বচ্চন। রচয়িতা হিসেবে তিনি ভারতীয় সাহিত্যের এক মহীরূহ। বার্ধক্যঘটিত দীর্ঘ অসুস্থতার পরে তিনি ২০০৩ সালের ১৮ জানুয়ারি, ৯৫ বছর বয়সে প্রয়াত হন।