
ভাল নেই প্রীতি জিন্টা
শেষ আপডেট: 12 January 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: চারপাশে শুধুই ধ্বংসের ছবি। আগুনের লেলিহান শিখা গিলে নিচ্ছে একের পর এক তারকার বাড়ি। প্যারিস হিল্টন, দুয়া লিপার মতো হলিউড তারকার বাড়ি ছাই হয়েছে আগেই। লস অ্যাঞ্জেলস যেন সাক্ষাৎ 'নরক'।
শুধু হলিউড তারকাই নয়,লস অ্যাঞ্জেলসে থাকেন বহু বলিউড তারকাও। প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি রয়েছে সেখানে। স্বপরিবারে সেখানে থাকেন অভিনেত্রী প্রীতি জিন্টাও। সেখানকার নাগরিক জেন গুডএনাফকে বিয়ের পর থেকেই সেখানেই বাস প্রীতির। দাবানলের আঁচ থেকে ছাড় পাননি তিনিও। প্রতি মুহূর্তেই যেন ঘিরে ধরছে মৃত্যুভয়। কেমন আছেন প্রীতি ও তাঁর পরিবার? নিজের আপডেট জানালেন সামাজিক মাধ্যমে।
প্রীতি লেখেন, "কখনও ভাবিনি এমন একটা দিন দেখতে হবে যেখানে প্রতিবেশীদের বাড়ি-ঘর এভাবে ধ্বংস হতে দেখব। কেউ বাড়ি ছেড়ে পালিয়েছেন। আবার কোথাও হাই অ্যালার্ট জারি রয়েছে। বরফের মতো ছাই চারিদিক ঘিরে ফেলেছে। প্রতিটা মুহূর্ত কাটছে ভয় আর দুশ্চিন্তায়। বাড়িতে যে বাচ্চা ও বয়স্ক মানুষেরা আছেন তাঁদের কী হবে?"
প্রীতি আরও লেখেন, "বুক ফেটে যাচ্ছে এই ধ্বংসলীলা দেখে। তবে ভগবানের কৃপায় এখনও পর্যন্ত নিরাপদ আছি। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে যে সব মানুষ তাঁদের সবটা হারিয়ে ফেলেছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল।" শুধু যে দাবানল তা নয়, সঙ্গে দোসর মাত্রাতিরিক্ত হাওয়া। আর তার ফলেই ছাইয়ের বাড়বাড়ন্ত।
প্রীতির পোস্টে উল্লেখ রয়েছে সেই কথাও। এখন শুধু একটাই প্রার্থনা, যতো দ্রুত সম্ভব এই দুর্যোগ যেন শান্ত হয়, পরিস্থিতি যেন আবার আগের মতো হয়ে ওঠে। গতকাল অর্থাৎ শনিবারই প্রিয়াঙ্কা চোপড়াও লস অ্যাঞ্জেলসে তারকাদের অসহায়তার কথা তুলে ধরেছিলেন তাঁর পোস্টে। এবার প্রীতিও জানালেন কেমন আছেন তিনি।
উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার বাড়ি পুড়ে ছাই। অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সান্তাআনার দাবানল লেগে যায় ঝোড়ো হাওয়া থেকে। ক্ষতির পরিমান এখনও পর্যন্ত ১,২৯,২৯,৩২,৯১,৫৫,০০০ টাকা! ইতিমধ্যেই ১২ হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। দাবানল কবে আয়ত্বে আসবে, তা এখনও পর্যন্ত বলা প্রায় অসম্ভব বলে মনে করছে স্থানীয় প্রশাসন।