হায়দরাবাদে অনুষ্ঠিত প্রথম গদ্দার ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেতার সম্মান পেলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা আল্লু অর্জুন।

আল্লু অর্জুন
শেষ আপডেট: 15 June 2025 12:28
দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে অনুষ্ঠিত প্রথম গদ্দার ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেতার সম্মান পেলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা আল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন। শনিবার হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি।
এই অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর সম্মান পান নিভেদা থমাস, তাঁর অভিনীত ছবি ‘৩৫: চিন্না কথা কাদু’র জন্য। অন্যদিকে, ‘কল্কি ২৮৯৮ এ.ডি.’ ছবির জন্য সেরা পরিচালকের সম্মান অর্জন করেন নাগ অশ্বিন।
তেলেঙ্গানা রাজ্যের ২০১৪ সালে পৃথক রাজ্য হিসেবে গঠনের পর এই প্রথম রাজ্যসরকারের উদ্যোগে তেলুগু চলচ্চিত্র শিল্পের জন্য এমন কোনও সরকারি পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল। প্রয়াত জননায়ক এবং বলাড গায়ক গদ্দার-এর স্মরণে এ বছর থেকে এই পুরস্কার চালু করেছে রেভন্ত সরকার। গত বছর, ২০২৩-এর অগস্টে প্রয়াত হন গদ্দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব, যেমন নন্দামুরি বালাকৃষ্ণ, বিজয় দেবরাকোণ্ডা, এস এস রাজামৌলি, মনিরত্নম, সুহাসিনী, এবং পরিচালক সুকুমার। মুখ্যমন্ত্রী ছাড়াও ডেপুটি মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কা এবং সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের সঙ্গে ছিল ৫ লক্ষ টাকা এবং একটি প্রশংসাপত্র।
এই বছরের সেরা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে ‘কাল্কি ২৮৯৮ এ.ডি.’, দ্বিতীয় স্থানে রয়েছে ‘পোট্টেল’, এবং তৃতীয় হয়েছে ‘লাকি বাস্কার’।
অনুষ্ঠানে ২০২৪ সালের সিনেমার পাশাপাশি ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত তেলুগু ছবিগুলিও বিবেচনায় নেওয়া হয়। সেগুলিকে তিনটি ভাগে ভাগ করে পুরস্কৃত করা হয়েছে। এই বিশেষ জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন বর্ষীয়ান অভিনেতা এবং প্রাক্তন সাংসদ মাগান্তি মুরলী মোহন। সেরা ছবি বেছে নেওয়ার মূল জুরি বোর্ডের নেতৃত্বে ছিলেন অভিনেত্রী জয়সুধা।