দ্য ওয়াল ব্যুরো: টিনসেল টাউনের হট জুটি এখন আলিয়া-রণবীর। কান পাতলেই এ জুটির সম্পর্কে ফিসফাস হামেশাই শোনা যায়। আর সবার মনে প্রশ্ন এখন একটাই কবে বিয়ে করছেন এই দুই তারকা!
ক'দিন আগে রণবীরের মা নীতু সিংয়ের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় দারুণ এক পোস্ট শেয়ার করে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। মাঝে মাঝেই কাপুর খানদানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাঁকে। কখনও ডিনার ডেট, কখনও বা সোজা কাপুর ম্যানশনের অন্দরমহল। সবেতেই আজকাল অবাধ যাতায়াত মিস ভট্টের। কিছুদিন আগে আবার আলিয়ার বাংলোতেও গিয়েছিলেন রণবীর। শুধু আলিয়া নয়, তাঁর বাবা মহেশ ভট্টের সঙ্গেও চুটিয়ে আড্ডা মেরে এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গভীর রাতের সেই আড্ডার ছবি ভাইরালও হয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। তাহলে কি এ বার বিয়ের ডেট পাকা হতে চলেছে? এ প্রশ্ন ছিল সবার মনেই।
এর মধ্যেই কয়েকদিন আগে ঋষি কাপুর বলেছেন, তিনি নিজে ২৭ বছরে বিয়ে করেছিলেন। আর রণবীরের এখন ৩৫। এটাই বিয়ের উপযুক্ত সময়। অন্তত ছেলে এখন বিয়ে করলে নাতি-নাতনি নিয়ে খেলার সুযোগটুকু পাবেন তিনি। এমনটাই জানিয়েছিলেন ঋষি। আর নীতু সিংয়ের যে আলিয়াকে বেশ পছন্দ তা কিন্তু হাবেভাবেই বেশ কয়েকবার বুঝিয়ে দিয়েছেন তিনি। আর সবই যখন ঠিক রয়েছে তখন বিয়ের সানাই বাজতে যে আর বেশি দেরি নেই সেতাও বুঝতেই পারছিলেন রণবীর-আলিয়ার অনুরাগীরা।
আপাতত রণবীর-আলিয়া দু'জনেই ব্যস্ত ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং নিয়ে। কিন্তু এর মাঝেই প্রকাশ্যে এল এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে করণ জোহরের বিখ্যাত টক শো 'কফি উইথ করণ'-এ গিয়ে আলিয়া বলেছেন রণবীরকেই বিয়ে করতে চান তিনি। নিমেষেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও। তবে এই ভিডিও এখনকার নয়। বেশ পুরনো। কিন্তু তাতে কী? ফ্যানরা বলছেন, প্রেম যে অনেক আগেই শুরু হয়েছিল তার প্রমাণ এই ভিডিও। খালি প্রকাশ্যে এসেছে অনেক পরে। নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা রণবীর কাপুর। কিন্তু এ যাবৎ খানিকটা চুপই ছিলেন আলিয়া। তবে তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সবাই বলছেন সম্পর্কের বিষয়ে রণবীরের থেকে আলিয়া অনেক বেশি বোল্ড। নইলে কেউ অন ক্যামেরা সটান বিয়ের কথা বলতে পারে নাকি!
https://www.instagram.com/p/BkUVLCqFC1G/?utm_source=ig_share_sheet&igshid=kqgg9sgh5l48&r=wa1