জন্মদিনে বড় ঘোষণা আলিয়া ভাটের। প্রযোজনা সংস্থা ইটার্নাল সানশাইন প্রোডাকশনসের নতুন উদ্যোগ ‘ইটার্নাল কিডস’।

ফাইল চিত্র
শেষ আপডেট: 15 March 2026 19:16
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী ও প্রযোজক আলিয়া ভাট (Alia Bhatt) তাঁর প্রযোজনা সংস্থা ইটার্নাল সানশাইন প্রোডাকশনস-এর কাজের পরিধি আরও বাড়ালেন। শিশুদের জন্য বিশেষ কনটেন্ট তৈরির উদ্দেশ্যে তিনি শুরু করলেন নতুন উদ্যোগ ইটার্নাল কিডস। নিজের জন্মদিনেই এই নতুন প্রোজেক্টের ঘোষণা করেন আলিয়া।
সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে আলিয়া লেখেন, তাঁদের প্রযোজনা সংস্থা ইটার্নাল সানশাইন যেন নতুন করে একটি ‘সন্তান’ পেল—তার নাম ইটার্নাল কিডস। তিনি জানান, এই উদ্যোগের অধীনে ইতিমধ্যেই তিনটি নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে।
প্রথম প্রকল্পটির নাম ‘দেয়ার্স সি অ্যান্ড জি অ্যান্ড এম’। এই গল্পের অনুপ্রেরণা এসেছে আলিয়ার দাদুর তৈরি করা চরিত্র ও গল্প থেকে। অভিনেত্রী জানান, ছোটবেলায় তিনি এবং তাঁর বোন শাহিন ভাট এই গল্পগুলো শুনেই বড় হয়েছেন। সেই স্মৃতির কথা তুলে ধরে আলিয়া লেখেন, “শাহিন আর আমি এই গল্পগুলো শুনেই বড় হয়েছি। এখন সেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত। মিস ইউ, গ্র্যান্ডপা।”
দ্বিতীয় প্রকল্পের নাম ‘উলাঙ্গু’। আলিয়ার কথায়, এই গল্পে রয়েছে এক রহস্যময় প্রাণী, যা এতটাই আলাদা যে গল্প বলতে গিয়ে তাঁর মা একটি নতুন শব্দই তৈরি করেছিলেন। সেই গল্পটিও লিখেছেন তাঁর মা।
তৃতীয় প্রকল্পটি তৈরি হবে ‘অ্যাডভেঞ্চার্স অব এড-আ-মামা’-কে ঘিরে। এটি শিশুদের একটি বইয়ের সিরিজ, যা আলিয়ার পরিবেশবান্ধব শিশুদের পোশাকের ব্র্যান্ড এড-আ-মামা থেকে অনুপ্রাণিত। প্রযোজনা সংস্থা এবার এই গল্পের জগৎকে আরও বড় করে একটি সিরিজে রূপ দেওয়ার পরিকল্পনা করছে। পাশাপাশি ভবিষ্যতে আরও বই প্রকাশের কথাও ভাবা হচ্ছে।
নতুন উদ্যোগের কথা জানিয়ে আলিয়া এক আবেগঘন বার্তায় লেখেন, “পরিচয় করিয়ে দিচ্ছি ইটার্নাল কিডসকে—যেখানে আমাদের মনে থাকা শৈশবের স্মৃতি মিশে যায় সেই শিশুর সঙ্গে, যে এখনও আমাদের ভেতরে কোথাও চুপচাপ বেঁচে আছে।” উল্লেখ্য, এই ঘোষণা এসেছে আলিয়ার ৩৩তম জন্মদিনে।
এই ঘোষণার পরই ভক্তদের তরফে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও ভালোবাসার ঢল নামে। অনেকেই এই উদ্যোগকে “খুবই মিষ্টি” এবং “দারুণ ভাবনা” বলে মন্তব্য করেছেন।
এদিকে আলিয়া তাঁর বোন শাহিন ভাটের সঙ্গে আরও একটি নতুন প্রকল্পেও কাজ করছেন। সেটি একটি প্রাইম ভিডিও অরিজিনাল ছবি, যার নাম ‘ডোন্ট বি শাই’। ছবিটি লিখেছেন ও পরিচালনা করছেন শ্রীতি মুকেরি।
এই ছবির গল্পে দেখা যাবে শ্যামিলি ‘শাই’ দাস নামে ২০ বছরের এক তরুণীকে, যে মনে করে তার জীবন পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। কিন্তু হঠাৎই সেই সাজানো জীবন অপ্রত্যাশিত মোড় নেয় এবং সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রী বা মুক্তির বিস্তারিত এখনও জানানো হয়নি।
অন্যদিকে আলিয়া অপেক্ষায় রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘আলফা’-র মুক্তির জন্য। এটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স-এর সপ্তম ছবি। এই ছবিতে আলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শারভারি, অনিল কাপুর এবং ববি দেওল। ছবিটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।